ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন আজ

আজ শনিবার বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল খাবে শিশুরা। দেশের মোট দুই কোটি ২০ লাখের বেশি শিশুকে সরকার এ ক্যাপসুল খাওয়াবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুরা একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুরা লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে একটানা ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোলঘর, বিমান বন্দর, রেল স্টেশন ও খেয়াঘাটেও ক্যাপসুল পাবে শিশুরা। তবে বাদপড়া শিশুদের পরবর্তী আরো চারদিন বাড়ি বাড়ি গিয়েও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। চিকিত্সকরা সতর্ক করে দিয়ে বলেন, শিশুদের অবশ্যই ভরা পেটে কেন্দ্রে আনতে হবে। এ উপলক্ষে গতকাল রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।