পরিসংখ্যান বিশ্বাস করি না
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৩২
সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে; এতো শত গেট্রের ভিড়ে ভারতীয় গ্রেটের তালিকায় তার নাম কেউ রাখতেই চান না! অথচ ভারতের ইতিহাসের অবশ্যই সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ভারতকে একটি করে টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জেতানো সেই ধোনি আজ বিশ্বেরই গ্রেট হওয়ার মতো এক অর্জনের সামনে। পৃথিবীর প্রথম অধিনায়ক হিসেবে টানা তিনটি আইসিসি ট্রফি জয়ের অনন্য রেকর্ড করতে পারেন তিনি।
কিন্তু গতকাল সংবাদ সম্মেলনে অত্যন্ত নিস্পৃহভাবেই বলে দিলেন; পরিসংখ্যান আর অতীতে তার বিশ্বাস নেই। তার বিশ্বাস একটাই—ট্রফি জিততে হলে ভালো খেলতে হবে:
সাত বছর আগে এই ট্রফি জিতেই শুরু করেছিলেন। মনে পড়ে?
আমি সাত দিন আগের কথাই মনে রাখতে পারি না; আর সাত বছরের কথা বলছেন! আসলেই সে সময় কী হয়েছিল, মনের অবস্থা কি ছিল; মনে নেই। তবে মনে হয়, খুব রোমাঞ্চিত ছিলাম।
সারাজীবনই কী এমন ‘সেইন্ট-ধোনি’ ছিলেন? সবসময় যেমন শান্তিতে থাকেন!
না, ছোটবেলায় এতো শান্তিতে থাকতাম না। হারতে ভালো লাগতো না। তাই সহজেই উত্তেজিত হয়ে পড়তাম, আবেগের ওপর নিয়ন্ত্রণ থাকতো না। সময়ের সঙ্গে সঙ্গে এটাকে নিয়ন্ত্রণ করতে শিখেছি। আমি একটা ব্যাপার বুঝেছি, আবে নিয়ন্ত্রণ একটা পর্যায়ে করতেই হবে। আবেগ দিয়ে সবসময় সিদ্ধান্ত নেয়া যায় না।
শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে কেমন?
খুবই শক্তিশালী দল। এই ধরনের উইকেটে যেমন দরকার, তেমন স্পিনার আছে। ম্যাথুস, মালিঙ্গার মতো রোমাঞ্চকর ক্রিকেটার আছে। সাঙ্গা-মাহেলার মতো দুজন গ্রেট আছে। এক ঝাক তরুণ ক্রিকেটার আছে। খুব শক্তিশালী দল।
বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফির পর এই ট্রফিটা জিতে ক্লিন সুইপ করতে চান না?
এটা হলে তো সবার জন্যই ভালো হয়। ফাইনালে ওঠার পর সেটাই তো আমাদের লক্ষ।
মাহেলা-সাঙ্গাকারার বিদায়ী ম্যাচ এটা। হারাতে খারাপ লাগবে?
(হাসি) আমার তাদের সঙ্গে শত্রুতা নেই। ক্রিকেট খেলার দুই কিংবদন্তী মাহেলা ও সাঙ্গা; বিশিষ্ট দুজন ভদ্রলোক। কিন্তু আমরা জয়ের জন্যই তো খেলবো।
শ্রীলঙ্কার টানা ফাইনাল ব্যর্থতা কী আপনাদের জন্য একটা সুবিধা হবে পারে?
আমার নিজের ইতিহাস-পরিসংখ্যানে বিশ্বাস নেই। দেখুন এই ফরম্যাটে এসব মানসিক ব্যাপার খুব গুরুত্বপূর্ণ না। আমি সবসময়ই বলি, এই ফরম্যাটে দলগুলোর পার্থক্যই খুব কম। ফলে ব্যাপারটা হল, কাল (আজ) আমরা কেমন খেলছি।