টাকা-পয়সা নিয়ে ভাবি না
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৩৩
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবসান ঘটছে বর্ণাঢ্য এক অধ্যায়ের। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন ক্রিকেটের দুই দিকপাল মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। এই দুজনের বিদায়টা স্মরণীয় করে রাখতে চায় শ্রীলঙ্কা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানালেন ‘মেক-শিফট’ অধিনায়ক লাসিথ মালিঙ্গা।
প্রায় তিন মাস ধরে শ্রীলঙ্কা বাংলাদেশে খেলছে। এই অভিজ্ঞতা ফাইনালে দলকে কতটা সাহায্য করবে?
লাসিথ মালিঙ্গা: হ্যাঁ, আমরা বাংলাদেশে অনেক ক্রিকেট খেলেছি। জাতীয় দলের হয়ে সবাই শতভাগ দেয়ার জন্য মুখিয়ে আছে। আমরা এশিয়া কাপ জিতেছি। আগামীকাল (আজ) আমাদের সামনে আবারও নিজেদের প্রমাণ করার সুযোগ থাকছে। এখানকার কন্ডিশন আর উইকেটের ব্যাপারে অন্য যে কারও চেয়ে আমাদের ধারণা ভাল। তাই আমাদের ভাল সুযোগ আছে।
মাহেলা জয়াবর্ধনে ও সাঙ্গাকারার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। শেষ ম্যাচটা কিভাবে উজ্জ্বল করে রাখতে চান?
লাসিথ মালিঙ্গা: শুধু শ্রীলঙ্কার ক্রিকেটেই নয়। বিশ্ব ক্রিকেটেও তারা উজ্জ্বল দুই নক্ষত্র। আমি দুজনের অধীনেই খেলেছি। এখন তারা আমার অধীনে খেলছে। তাই সেটা আমার জন্য এক ধরনের প্রাপ্তি বলতে পারেন। তরুণদের সব সময়ই তারা সাহায্য করেন। তাই তাদের জন্য, ফাইনালে সেরা খেলা খেলতে চাই। আগামীকাল (আজ) তাই একটা বিশেষ দিন। বিশেষ কিছুই করতে হবে।
দারুণ ফর্মে আছেন বিরাট কোহলি। তার বিপক্ষে আপনারা ঠিক কি পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন?
লাসিথ মালিঙ্গা: সবাই জানে বিরাট দারুণ একজন খেলোয়াড়। কিন্তু গ্রেট ক্রিকেটারদের আউট করতেও কিন্তু সে ফ একটা বলই দরকার। আমার মনে হয়, সেই একটা বল করার মতো ক্ষমতা আমাদের আছে।
অনুশীলন ম্যাচে এই ভারতকে হারিয়েছিলেন। তার জন্য কি মানসিকভাবে কিছুটা এগিয় থাকবে শ্রীলঙ্কা।
লাসিথ মালিঙ্গা: অনুশীলন ম্যাচ তো অনুশীলন ম্যাচই! কিন্তু আসল টুর্নামেন্ট ভিন্ন ব্যাপার। আর মানসিক ও শারিরীকভাবে ফাইনাল অনেক বড় ব্যাপার। এখানে যে ভাল খেলবে সেই জিতবে।
গোটা টুর্নামেন্টে ভারত এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি। তাই তাদের হারানো আপনাদের জন্য কতটা কষ্টকর হবে বলে মনে করছেন?
লাসিথ মালিঙ্গা: না, কখনওই এটা বাড়তি চাপ নয়। এটা ফাইনাল হলেও, এটাকে আর দশটা টি-টোয়েন্টি ম্যাচের মতই দেখতে হবে। আমরা সেভাবেই মাঠে নামবো। বাড়তি চাপ নেয়ার কোন মানেই হয় না।
বিশ্বকাপ জিতলে শ্রীলঙ্কায় বিরাট অংকের একটা অর্থ আপনাদের জন্য অপেক্ষা করছে। সেটা কি চাপ না অনুপ্রেরণা?
লাসিথ মালিঙ্গা: না অর্থ-বিত্ত নিয়ে কখনওই আমরা ভাবি না। আমরা খেলি, কারণ শ্রীলঙ্কায় হয়ে খেলতে পারাটা আমাদের জন্য গর্বের ব্যাপার। কালকেও তেমনই একটা ম্যাচ।