টু কি টা কি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২১:৩৮
এশিয়ান গেমসের আগেই হকিতে ইউরোপীয়ন কোচ
স্পোর্টস রিপোর্টার
এশিয়ান গেমসের আগেই বাংলাদেশ জাতীয় হকি দলে ইউরোপীয়ান কোচ দেখা যেতে পারে বলে হকি ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে। কোচের নাম এখন প্রকাশ করতে পারছে না ফেডারেশন। কারণ আন্তর্জাতিক হকি সংস্থা থেকে কোচ দেয়ার কথা রয়েছে। তারা চূড়ান্ত করে জানাবে। তখন জানা যাবে বাংলাদেশর বর্তমান পাকিস্তানী কোচ নাভিদ আলম থাকবেন নাকি তাকে সঙ্গী করে দুই কোচ দায়িত্ব পালন করবেন। সেপ্টেম্বরে কোরিয়ার ইনচিয়ন শহরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে শক্তিশালী দেশগুলো অংশগ্রহণ করবে। হকি ফেডারেশন চাইছে এশিয়ান গেমস হকির এই আসরে বাংলাদেশ যেন ভালো খেলাটা প্রদর্শন করতে পারে। তার জন্য ইউরোপীয়ান কোচের দিকেও নজর দিচ্ছে ফেডারেশন।
নেদারল্যান্ডসে কোচেস কোর্স
স্পোর্টস রিপোর্টার
এবছর নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হকির আসর চলাকালিন সেখানে হাই পারফরম্যান্স কোচেস কোচিং কোর্স অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দেশ থেকে ৮৫টি আবেদন জমা পড়েছে হকি ফেডারেশন সূত্রে জানা যায়। এখন কতজন সুযোগ পাবেন তা চূড়ান্ত হয়নি। বাংলাদেশ থেকে দুটি আবদেন গেছে সেখানে। এর মধ্যে রয়েছেন বিকেএসএপির কোচ জাহিদ হোসেন রাজু এবং জাতীয় দলের সাবেক খেলোয়াড় মামুনুর রশিদ। বিশ্বকাপ চলাকালীন প্রশিক্ষণার্থীরা নিয়মিত খেলা দেখবেন। ম্যাচ বিশ্লেষণ করবেন পরবর্তি ক্লাসে। মামুনুর রশিদের জন্য গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী তিন লাখ টাকা পৃষ্ঠপোষকতা করবে বলে জানা যায়।
বীচ ফুটবল
এমাসেই
স্পোর্টস রিপোর্টার
মোহামেডান, আবাহনী, মুক্তিযোদ্ধা এবং বিজেএমসি, কক্সবাজার বীচ ক্লাব এবং জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে গড়া সংগঠন উই আর ফর ফুটবল, আমরা ফুটবলের জন্য। এই সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক গতকাল জানিয়েছেন যারা জাতীয় দলের সাবেক ফুটবলার তাদের বিনোদনের জন্য এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করে থাকি আমরা। এটা ফান ফুটবল সাবই পরিবার নিয়ে আসে এখানে। তিনি জানান দুই বছর আগে গড়া হয় এই সংগঠন। ২৫ ও ২৬ এপ্রিল কক্সবাজারে অনুষ্ঠিত হবে বীচ ফুটবল টুর্নামেন্ট।
হকির ফাইনালে রাজশাহীর স্কুল
স্পোর্টস রিপোর্টার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকির ফাইনালে মুখোমুখি হবে যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল ও রাজশাহী আল হিকমা স্কুল। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহীর আল হিকমা স্কুল ৬-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জিনজিরা পিএম পাইলট স্কুলকে। আবু সাঈদ হূদয় ২, রবিন হোসেন, নুরুল ইসলাম, আহসান হাবিব হূদয় ও রাব্বি হোসেন ১টি করে গোল করেন। ফাইনালের সময় নির্ধারণ হয়নি।
চট্টগ্রামে রাগবী প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ
স্পোর্টস রিপোর্টার
দেশ-বিদেশ ঘুরে ফিলিপ ওয়াইজ রাগবী খেলা শেখান। কোনো পারিশ্রমিক নেন না। স্থানীয় সুযোগ-সুবিধা দিলেই যথেষ্ট। আমন্ত্রণ জানালে পকেটের টাকা খরচ করে চলে আসেন। এভাবেই বাংলাদেশের আমন্ত্রণে ইংল্যান্ডের সাবেক রাগবী খেলোয়াড় কোচ আন্তর্জাতিক রেফারি ফিলিপ ওয়াইজের বাংলাদেশে আসা। তিনি এখানে রাগবী খেলাটা শেখাচ্ছেন। প্রায় এক মাসের জন্য বাংলাদেশে এসেছেন। কোচ খেলোয়াড় যাদের আগ্রহ আছে তাদের নিয়ে বাংলাদেশ রাগবী ফেডারেশন খেলা শেখানোর ব্যবস্থা করেছে। কোচদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এরই মধ্যে ফরিদপুর, নড়াইল বাগেরহাট জেলায় ৪০ জন করে ১২০ জন খেলোয়াড়কে এক সপ্তাহ প্রশিক্ষণ দিয়েছেন ইংলিশ কোচ। ঢাকায় স্কুল, কলেজ এবং ক্লাব কোচদের প্রশিক্ষণ দেয়ার কাজটি করেছেন তিনি। এর পাশে ৬৪টি জেলা থেকে আসা জেলা কোচদের নিয়েও প্রশিক্ষণ কর্মসূচি ছিল। মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং কলেজের ৩০ জন মেয়েসহ ২৫০ শিক্ষার্থীকে রাগবী খেলা শিখিয়েছেন এক সপ্তাহ। চারটি জেলায় প্রশিক্ষণ পর্বের মধ্যে তিনটি শেষ হয়েছে। আজ চতুর্থটি শুরু হবে চট্টগ্রামে। রাগবী ফেডারেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ইংলিশ ফিলিপ ওয়াইজ পাঠশালায় আজ এমএ আজীজ স্টেডিয়ামে প্রশিক্ষণ শুরু হবে। চারদিনের জন্য প্রশিক্ষণে ৪০ জন অংশগ্রহণ করবেন। রাগবী ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী জানিয়েছেন ইংলিশ কোচ বিভিন্ন দেশে প্রশিক্ষণ দিয়ে বেড়ান। আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম বাংলাদেশে আসার জন্য। তিনি নিজের টাকায় টিকিট কিনে এখানে এসেছেন। আমরা তাকে স্থানীয় সুবিধা দিয়েছি। রাগবীর উন্নয়নের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি আমরা।’ ১২ এপ্রিল চলে যাবেন ইংলিশ কোচ ফিলিপ ওয়াইজ।