সমাজ থেকে রাজনৈতিক ক্যান্সার আগে দূর করতে হবে :নাসিম
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২২:০৮
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ হত্যা এবং জাতির পিতা ও জাতীয় সংগীত নিয়ে মিথ্যাচার করে তারা রাজনৈতিক ক্যান্সারে আক্রান্ত। সমাজ থেকে আগে এই রাজনৈতিক ক্যান্সার দূর করতে হবে।
গতকাল রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ক সেমিনার এবং ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ালটন ও সহযোগী সেন্টার ফর ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চের (সিসিপিআর) যৌথ সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, গরীবদের জন্য চিকিত্সা ইন্স্যুরেন্স এবং হেলথ কার্ড চালু করা হচ্ছে। ডাক্তারদের গ্রামে থাকতে বিশেষ প্রণোদনা দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে ওয়ালটনের গেমস অ্যান্ড স্পোর্টসের অ্যাডিশনাল ডিরেক্টর এ এফ এম ইকবাল বিন আনোয়ার, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক শেখ গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ডিআরইউয়ের নারী প্রতিবেদকদের বিনামূল্যে স্তন ও জরায়ু ক্যান্সার শনাক্তের প্রাথমিক পরীক্ষা করা হয়।
‘বিভিন্ন জেলায় শিশু হাসপাতাল’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের শিশু রোগীদের সুচিকিত্সা নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলা শহরে শিশু হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে দক্ষিণ-পূর্ব এশিয়ার শিশু বিশেষজ্ঞদের এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডা. আরডি বানশালের সভাপতিত্বে এ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক ডা. মাহমুদ হাসান, অধ্যাপক ডা. রুহুল আমিন, অধ্যাপক ডা. শহীদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে জাতীয় অধ্যাপক এমআর খানকে শিশু চিকিত্সায় বিশেষ অবদানের জন্য পদকে ভূষিত করা হয়।