বেসরকারি চাকরিতে পেনশনের বিষয় বিবেচনাধীন :অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি সংস্থায় কর্মরতদের পেনশনের আওতায় আনার বিষয়টি সরকার চিন্তা করছে। গতকাল সচিবালয়ে এনজিও প্রতিনিধিদের সাথে প্রাক-বাজেট আলোচনায় এ তথ্য জানান তিনি। বিষয়টি নিয়ে ‘কী করা যায়’ এ ধরনের একটি জিজ্ঞাসা সভায় উপস্থাপন করেন তিনি। আগামী বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে চারটি খাতকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। এগুলো হচ্ছে- মানব সম্পদ উন্নয়ন, অবকাঠামো, বিদ্যুত্ ও জ্বালানি এবং কৃষি খাত। তিনি বলেন, গত পাঁচ বছরে প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে তেমন কিছু করা সম্ভব হয়নি। মানব সম্পদ উন্নয়নে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক সংস্কারেও বিশেষ জোর দেয়া হবে। আগামী বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকার মতো হবে উল্লেখ করে তিনি আরো বলেন, বাজেটে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হবে। চলতি অর্থবছর শেষে মূল্যস্ফীতির গড় হার দাঁড়াবে ৭ শতাংশ এবং আগামী অর্থবছরে এটা ৬ শতাংশে নামিয়ে আনা হবে। এছাড়া চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ২ লাখ ১১ হাজার কোটি টাকা হবে বলে তিনি উল্লেখ করেন। মতবিনিময় সভায় অর্থসচিব ফজলে কবির, ইআরডি সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।