মার্কিন দূতাবাসে জাল কাগজপত্র দেয়ায় ৫ ভিসাপ্রার্থী আটক

ঢাকাস্থ মার্কিন দূতাবাসে ভিসার সাক্ষাত্কারে জাল কাগজপত্র দেয়ায় পাঁচ প্রার্থীকে আটক করেছে পুলিশ। গত ১০ মার্চ এই পাঁচজনকে আটক করা হয় বলে দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার জানানো হয়েছে। আটক প্রার্থীরা স্বীকার করেছেন একজন দালালের সহায়তায় তারা কনস্যুলার অফিসারের কাছে জাল কাগজপত্র দিয়েছিলো। যুক্তরাষ্ট্র দূতাবাস এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত প্রচেষ্টার মধ্যমে পুলিশ ঐ পাঁচ আবেদনকারীকে আটক করে। দূতাবাস জানায়, দুর্নীতি পরায়ণ দালালদের সহায়তায় সম্প্রতি জাল কাগজপত্র প্রদানকারী প্রার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দালালের সহায়তায় জাল তথ্য-প্রমাণ প্রদানের কারণে ভিসা পাওয়া যাবে না বরং প্রার্থীকে আটকও করা হতে পারে। মার্কিন দূতাবাস ভিসা জালিয়াতির বিষয়টিকে খুবই গুরুত্ব দেয় এবং জালিয়াতির সাথে জড়িত দালাল ও তাদের গ্রাহকদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বাংলাদেশি আইন প্রয়োগকারীদের সাথে সহযোগিতা করছে। অথচ প্রার্থীরা সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারেন এবং কোন দালালের মাধ্যমে আবেদন করার প্রয়োজন নেই। মার্কিন পররাষ্ট্র দফতর আন্তর্জাতিক সফরকারীদের ভ্রমণকে বৈধতা দেয়ার ক্ষেত্রে অভিবাসন আইন প্রয়োগ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আইন ভঙ্গকারী যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে।