শিশুদের এলার্জিতে আক্রান্তের হার দ্রুত বাড়ছে!
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২২:১০
শিশুদের এলার্জি বা শরীর চুলকানো, শরীরে লাল লাল র্যাশ হওয়া বা শরীরে চাকা চাকা হয়ে ফুলে যাওয়ার হার দ্রুত বাড়ছে। এমন একটি গবেষণা তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন। তবে কেন শিশুদের এলার্জি বাড়ছে তার কোন সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি গবষেকগণ। সিডিজি এক্সপার্ট ড:লারা একিনরামি স্বীকার করেছেন শিশুদের এলার্জিতে আক্রান্তের হার কেন বাড়ছে তার কোন উত্তর জানা যায়নি। তবে গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতি ২০ জনে ১ জন ফুড এলার্জিতে আক্রান্ত হচ্ছে যা ৯০-এর দশক থেকে ৫০ ভাগ বেশি। স্কিন এলার্জি, একজিমাতে আক্রান্তের হার বাড়ছে ৬৯ ভাগ। প্রতি ৮ জন শিশুর মধ্যে ১ জন এ ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছে। হেলথ কানাডার তথ্য মতে, কানাডায়ও শিশুদের ৬ থেকে ৭ ভাগের খাবারে এলার্জি আছে। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিশু ত্বক বিশেষজ্ঞ ড:পিটার লিও মনে করেন, বড় বড় শহরের বাতাসে জীবাণু ও ধূলাবালির পরিমাণ বেশি থাকায় এসব স্থানে স্কিন এলার্জির হার বেশি। তবে সিডিসির রিপোর্ট অনুসারে ফুড এবং রেসপাইরেটরী এলার্জি হওয়ার ইনকাম গ্রুপ বা অধিক আয় করেন এমন ফ্যামিলিতে বেশি এবং একজিমা ও ত্বকের এলার্জি দরিদ্র শিশুদের বেশি। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন শিশুদের অতিমাত্রায় ফাস্টফুড, জাংক ফুড, চকলেট, আইসক্রিম খাওয়ার কারণে ফুড এলার্জি বাড়ছে। তাই এলার্জি থেকে শিশুদের রক্ষার জন্য অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ