ঐতিহ্যের পসরা

শাহবাগের পাশেই বিখ্যাত আজিজ সুপার মার্কেটের বাণিজ্যিক দোকানগুলোর ভিতরে ভিন্নধর্মী একটি দোকানের নাম ‘ভার্টিকেল’। দোকানটিকে দূর থেকে দেখলেও অন্য যেকোনো দোকান থেকে আলাদা করা যাবে। দোকানটিতে ঢোকার পর মনে হবে এক অন্য জগতে ঢুকে পড়েছি। চারপাশে শিল্পের সমাহার। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও পাওয়া যায় এই দোকানটিতে। তবে সেগুলো ভিন্ন ঢংয়ে। ভিন্নধর্মী দোকানটি ঘুরে এসে লিখছেন সাজেদুল ইসলাম শুভ্র ছবি তুলেছেন দীপঙ্কর দীপু দোকানের সামনেই সুন্দর কিছু কারুকার্য যে কারো মনে দোকানটি একবার ঘুরে আসার জন্য আগ্রহ তৈরি করবে। গতানুতিক জিনিসপত্র থেকে বাঙালিদের মধ্যে নিজের সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ জিনিসপত্র তুলে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়া দুজন ছাত্র শুরু করেন ভিন্নধর্মী দোকানটি। তাদের প্রধান লক্ষ্য ছিল বাঙালিদের সবচেয়ে বড় উত্সব পহেলা বৈশাখ উপলক্ষে সাধারণ মানুষদের হাতে নিজের সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ কিছু জিনিস তুলে দেওয়া যা বাঙালির পরিচয়ের অংশ। দোকানটির প্রতিষ্ঠাতা দুজনের একজন বর্তমানে ঢাবির চারুকলার সিরামিকের অ্যাসিস্টেন্ট প্রফেসর আজহারুল ইসলাম ও অন্যজন মাসুদুর রহমান। তারা জানালেন তাদের সংগ্রহে রয়েছে দু শ থেকে তিন শ প্রকৃতির বিভিন্ন রঙের মাটির ও কাঠের মুখোশ, মাটি ও কাঠের গহনা, চুড়ি, তামা ও দস্তা দিয়ে তৈরি চুড়ি, বালা, হার, পোড়ামাটির থালা-বাসন, মগ, ফুলদানি, লাইট শেড, লোকজ খেলনা, বাদ্যযন্ত্র, মেয়েদের ব্যাগ ইত্যাদি বাঙালি ঐতিহ্যের সাথে সম্পর্কিত নানা ধরনের জিনিসপত্র। অন্যতম মালিক আজহারুল ইসলাম বলেন, ‘আমরা যেসব জিনিসের ব্যবসা করি তা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যাবে না। কারণ আমরা নিজেরা ও নিজেদের প্রায় ৫০ জন শিল্পীকে দিয়ে ডিজাইন করাই ও নিজ কারখানাতে নানা ধরনের কাজ করাই। তাই এই কাজ ও এই ধরনের দোকান আর কোথাও নেই।’ যারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালোবাসেন তারাই এখানে জিনিসপত্র কিনতে আসেন বলে জানালেন তিনি। ১০০ টাকা থেকে শুরু করে ১৫০০০ টাকা দামের পর্যন্ত জিনিসপত্র আছে এখানে। তবে দোকানের মালিকদের মতে, তারা এখানকার জিনিসপত্রগুলোকে এককথায় পানির দরে বিক্রি করছেন। তারা ব্যবসার চেয়ে শিল্পকে বেশি গুরুত্ব দেন। লোকশিল্পের মতো অসাধারণ শিল্পটিকে সারা পৃথিবীর মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন তারা। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য যদি আপনার পছন্দের বিষয় হয় তবে আজিজ সুপার মার্কেটের নিচতলাতে ‘ভার্টিকেল’-এর একমাত্র এই শোরুমটিতে আপনিও একবার ঘুরে আসুন।