বৈশাখী বাঙালিয়ানা শীর্ষক প্রদর্শনী

পোশাক ভাবনায় দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’স দেশ ও দেশের ঐতিহ্যকে এক বিশেষ ভূমিকায় উপস্থাপন করেছে সবসময়। এরই ধারাবাহিকতায় বাঙালির প্রাণের উত্সব বৈশাখকে কেন্দ্র করে এবারো আয়োজন করেছে পোশাকের বিশেষ প্রদর্শনী ‘বৈশাখী বাঙালিয়ানা ১৪২১’। অঞ্জন’স, নিজস্ব ভাবনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকজ কারুশিল্প পোড়ামাটির টেপাপুতুল ও সূচিশিল্প নকশিকাঁথার অনুপ্রেরণায় বাংলা ১৪২১ সালের নববর্ষের পোশাকের সম্ভারটি রচিত করেছে। ফ্যাশন প্রিয় সকলের মাঝে বৈশাখের এই আয়োজনকে তুলে ধরার জন্য আয়োজন করা হয়েছে পোশাকের বিশেষ প্রদর্শনী। উত্সবের রং লাল ও সাদাকে প্রাধান্য দিয়ে শাড়ি, ফতুয়া পাঞ্জাবি, সালোয়ার-কামিজ তৈরি করা হয়েছে। পাশাপাশি প্রর্দশনীতে স্থান পাবে পরিবারের শিশু-কিশোরদের জন্য পরবার উপযোগী বৈশাখী পোশাক। সম্প্রতি এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর যমুনা ফিউচার পার্ক শোরুমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও দেশ বরেণ্য ফ্যাশন ডিজাইনার, শীর্ষ ব্র্যান্ডগুলোর উদ্যোক্তাসহ তারকা শিল্পী উপস্থিত ছিলেন। ‘বৈশাখী বাঙালিয়ানা ১৪২১’ শীর্ষক এ প্রদর্শনীতে অঞ্জন’স-এর শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ জানান, গত বিশ বছর ধরে দেশী ব্র্যান্ড ইমেজ নিয়ে অঞ্জন’স চেষ্টা করেছে রিটেইল মানসম্মত পোশাকের চাহিদা তৈরি করতে। এছাড়া কাপড়ের গুণগত মান ঠিক রেখে, ডিজাইন স্বাতন্ত্রতা দিয়ে সবসময় ক্রেতা চাহিদা পূরণে এগিয়ে থেকেছে অঞ্জন’স। উত্সবে ও প্রতিদিনে ভিন্নমাত্রা শ্লোগান দিয়ে বাঙালির প্রাণের উত্সবগুলোতেও ব্র্যান্ডটি থেকেছে সরব। বর্তমানে ঢাকায় ১৩টি এবং চট্টগ্রাম, নরসিংদী ও দেশের বাইরে ইতালির রোমসহ সর্বমোট ১৬টি আউটলেটের মাধ্যমে রিটেইল কার্যক্রম অব্যাহত রয়েছে। উল্লেখ্য, যমুনা ফিউচার পার্ক, আউটলেট ( জিসি ১৫-১৬, প্রগতি সারণী, বারিধারা, ঢাকা) আউটলেটসহ অঞ্জন’স-এর সকল আউটলেটে বৈশাখের পোশাকের এই প্রদর্শনী চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।