ম্যানসিটির দিকে দৃষ্টি রজার্সের

লিভারপুলের সামপ্রতিক ফর্ম ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আগামী সপ্তাহে প্রিমিয়ার লিগে দু’দলের মধ্যকার দ্বৈরথে এগিয়ে রাখবে বলে মনে করছেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। এদিকে এভারটনের মাঠে আর্সেনালের ৩-০ গোলে অপ্রত্যাশিত হারের পর গত রোববার রাতের দ্বিতীয় ম্যাচে স্টিফেন জেরার্ডের দুটি পেনাল্টি লক্ষ্যভেদে ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ের ফলে চেলসির চাইতে দুই পয়েন্ট বেশি নিয়ে লিগ পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো তারা। অ্যানফিল্ডে চলতি মৌসুমে দারুণ একটা সময়ই কাটাচ্ছে লিভারপুল। ঘরের মাঠে লিগে এই মৌসুমে ১৬ ম্যাচের ১৪ টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। তাছাড়া অল রেডদের সামপ্রতিক ফর্মও দুর্দান্ত। আর এই দুটি বিষয় লিভারপুলের মাঠে সিটির বিরুদ্ধে আগামী রোববারের ম্যাচে স্বাগতিকদের কিছুটা হলেও এগিয়ে রাখবে বলে বিশ্বাস রজার্সের। সাবেক সোয়ানসি সিটি কোচ বলেন,‘ইত্তিহাদে (সিটির মাঠ) মৌসুমের প্রথম ম্যাচে আমাদের জেতা উচিত ছিল। সেখানে গত মৌসুমেও আমাদের জয়ের সুযোগ ছিল। তাছাড়া ঘরের মাঠে গত মৌসুমে ২-১ গোলে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের ভুলে ২-২ ড্র করে মাঠ ছেড়েছি আমরা। আমি আসলে বোঝাতে চাইছি, প্রতিপক্ষ যেই হোক না কেন, আমাদের উচিত একসাথে ঝাঁপিয়ে পড়া। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। কারণ, বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে তাদের। কিন্তু জয়টা আমাদের উপরই নির্ভর করছে। আমরা যদি যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে খেলি তাহলে খারাপ করার কোন কারণ নেই।’ তবে সিটির বিরুদ্ধে লড়াইটা যে মোটেই সহজ হবে না, রজার্স মানছেন সেই বিষয়টিও। সোয়ানসির হয়ে ২০১১-১২ মৌসুমে সিটিকে ১-০ গোলে হারানো রজার্স বলেন, ‘তারা প্রচুর অর্থ খরচ করেছে এবং গত কয়েক মৌসুমে তার ফলও পেয়েছে। আমি তাদের বিশ্বমানের একটি ক্লাবই বলবো। কারণ, তারা বিনিয়োগে বিশ্বাসী এবং সেই বিনিয়োগটা সর্বোচ্চ মানের কিছু খেলোয়াড়ের পেছনেই করা হয়েছে। সুতরাং তারা চাইবে অ্যানফিল্ড থেকে একটা ইতিবাচক ফলাফল নিয়েই মাঠ ছাড়তে।’ তবে স্বাগতিক দর্শকদের সামনে লিভারপুল প্রতিপক্ষের চাইতে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে বলেই বিশ্বাস রজার্সের, ‘আমাদের আত্মবিশ্বাসী না হওয়ার কোন কারণ নেই। কারণ রেডস দর্শকদের সামনে খেলছি আমরা। দলের সবাই এখানে খেলাটা দারুণ উপভোগ করে। তাছাড়া বড় দলের বিপক্ষে ম্যাচগুলোতে আমাদের সামপ্রতিক পারফরম্যান্স দারুণ। সঠিকভাবে অনুশীলন চালিয়ে যেতে পারলে আমার ধারণা সবকিছু ঠিকভাবেই হবে।’