রাবিতে গুলির ঘটনায় রিপোর্ট তলবের নির্দেশ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২২:৩০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের ঘটনায় পুলিশ রেগুলেশন অ্যাক্টের ১৫৬ ও ১৫৭ ধারা অনুসারে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের করা প্রতিবেদন তলবের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী সাতদিনের মধ্যে পুলিশের আইজি, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ সোমবার শুনানি শেষে এই আদেশ দেন। এছাড়া কোন কর্তৃত্ব বলে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি ছুঁড়েছে তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। পাশাপাশি বেঙ্গল পুলিশ রেগুলেশন অ্যাক্ট অনুসারে গুলি করার আগে ও পরে যে সব প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিতে হয়, সেগুলো জমা দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ও মতিহার থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ‘শিক্ষার্থীদের’ ওপর পুলিশের গুলি বর্ষণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। উকিল নোটিসের জবাব না পেয়ে অধ্যাপক আকমল হোসেনসহ ১৪ জন শিক্ষক ও এনজিও কর্মীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ূয়া এ রিট দাখিল করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স চালু ও বিভিন্ন ফি বৃদ্ধির প্রতিবাদে গত ২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটে।