সোনালী ব্যাংক কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২২:৩০
২০ কোটি টাকা আত্মসাতের দায়ে সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ মহিলা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আব্দুস সামাদসহ দুইজনের বিরুদ্ধে চার্জশিট দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমপ্রতি কমিশনের নিয়মিত বৈঠকে এ চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে। মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য শিঘ্রই চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
চার্জশিটভুক্ত অপর আসামি হলেন, নারায়ণগঞ্জের মেসার্স জিহাদ গার্মেন্টসের মালিক মো. জসিম উদ্দিন। এ ছাড়া মামলার এজাহারভুক্ত আসামি নারায়ণগঞ্জ সোনালী ব্যাংক মহিলা শাখার সিনিয়র অফিসার মো. সিরাজুল হকের (বর্তমানে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস) এ আত্মসাতের সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকায় তাকে এ মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে একাধিক বি.টি.বি এলসি ইস্যুর মাধ্যমে মালামাল রপ্তানি না করে, স্টক না দেখিয়ে ৪৭টি এলসির মাধ্যমে ব্যাংকের ১৩ কোটি এক লাখ ৯৫ হাজার ৬৪৬ টাকা আত্মসাত করে। যা সুদসহ ২০ কোটি ছয় লাখ ৬৭ হাজার ৮৫ টাকা।
২০১৩ সালের ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। ২০০৬ সালের ২৯ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত সময়ে এ দুর্নীতির ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।