আজ শুরু হচ্ছে ইস্টার্ন প্লাস-বিসিএস কম্পিউটার ও মোবাইল মেলা ২০১৪
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২০:১৫
রাজধানীর শান্তিনগরে ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে আজ থেকে শুরু হচ্ছে কম্পিউটার ও মোবাইলের প্রদর্শনী ‘ইস্টার্ন প্লাস-বিসিএস কম্পিউটার ও মোবাইল মেলা ২০১৪’। প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উদ্বোধন করবেন এই মেলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ মেলার বিস্তারিত তুলে ধরেন ইস্টার্ন প্লাস-বিসিএস ল্যাপটপ বাজারের সভাপতি আবদুল মমিন খান। সম্মেলনে জানানো হয় কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট পিসি, স্মার্টফোনসহ তথ্যপ্রযুক্তির বৈচিত্র্যময় পণ্য ও সেবা এবং সফটওয়্যার মেলায় প্রদর্শন ও বিক্রি করা হবে। প্রায় দেড়শ প্রতিষ্ঠান এসব পণ্য ও সেবা প্রদর্শন করবে। সেই সঙ্গে এসব পণ্য ও সেবায় থাকবে ছাড় ও উপহার। এ ছাড়া কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র প্রভৃতি আয়োজনও থাকবে মেলার সময়। মার্কেটের পঞ্চম ও ষষ্ঠ তলায় এ মেলা অনুষ্ঠিত হবে। পুরো মেলা চত্বরে থাকবে ফ্রি ওয়াই-ফাই।