প্রযুক্তি ব্যক্তিত্ব : স্টিভ্যান ওগনাভস্কি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২১:০২
কম্পিউটার বিজ্ঞান এবং টেলিযোগাযোগ খাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন স্টিভ্যান ওগনাভস্কি। তিনি জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ৯ সেপ্টেম্বর, রিপাবলিক অব মেসিডোনিয়ায়। তিনি ক্রোয়েশিয়ার জ্যাগরেব বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ১৯৯১ সালে ওই বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি মেসিডোনিয়ার গিওর্গি ডিমিট্রভ জিমন্যাসিয়াম থেকে পড়ালেখা শেষ করেন। এর আগেই তিনি ১৯৬৭ সালে মেসিডোনিয়ার জাতীয় প্রতিযোগিতা ‘সোসাইটি অব ম্যাথমেটিশিয়ান অ্যান্ড ফিজিশিয়ান অব মেসিডোনিয়া’তে পদার্থবিজ্ঞান বিভাগে তৃতীয় পুরস্কার লাভ করেন। তার স্নাতকোত্তর থিসিসের বিষয় ছিল লোকাল এরিয়া নেটওয়ার্কে ট্রাফিক পরিমাপের সফটওয়্যার। দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি কম্পিউটার বিজ্ঞান ও টেলিযোগাযোগ খাত নিয়ে কাজ করছেন। এর মধ্যে বিশেষ করে তিনি কাজ করেছেন সুইচিং সিস্টেম অপারেশন, জিএসএম বিলিং সিস্টেম, আইপি নেটওয়ার্ক, পাবলিক পেফোন প্রভৃতি নিয়ে। ড্রামবাদক হিসেবেও তিনি বিখ্যাত ছিলেন।