বর্ষবরণে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি

সারাদেশে আসন্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ আনন্দ ও উত্সবমুখর পরিবেশে নিরাপদে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার পুলিশ সদর দফতর সম্মেলন কক্ষে আইজিপি হাসান মাহমুদ খন্দকারের সভাপতিত্বে সভায় এ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আইজিপি বলেন, ঢাকায় নববর্ষের বৃহত্ জনসমাগমস্থল রমনা পার্ক, মঙ্গল শোভাযাত্রায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সকল সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ ও রমনা পার্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হবে। এছাড়া জরুরি উদ্ধার তত্পরতা চালানোর জন্য র্যাবের হেলিকপ্টার নিয়োজিত থাকবে। পাশাপাশি বড় বড় শপিং সেন্টার, মার্কেট, বাজার, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহে হালখাতা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক, এসবির অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, র্যাব’র মহাপরিচালক মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, সিআইডির অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি। মিরপুর সেনানিবাসে আইসিইইআইটি সম্মেলন কাল শুরু মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিতে তিন দিনব্যাপী ১ম আন্তর্জাতিক ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সম্মেলন (আইসিইইআইটি) আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। -আইএসপিআর