২৭৯৩ কোটি টাকার চার প্রকল্প অনুমোদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৩৯
একনেক বৈঠক
২ হাজার ৫শ’ ১১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ঘোড়াশালে ৩৬৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট স্থাপন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। নরসিংদীর ঘোড়াশালে ২০১৬ সালের জুনে এই বিদ্যুত্ কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। বিদ্যুত্ কেন্দ্রে কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহূত হবে। প্রকল্পের ৭৪৫ কোটি ৫ লাখ টাকা ব্যয় হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। এছাড়া চীনের ইন্ডাষ্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণ নেয়া হবে ১ হাজার ৬শ’ ৫৩ কোটি ১৯ লাখ টাকা। বাকি ১শ’ ১৩ কোটি ৭৩ লাখ টাকা বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড নিজস্ব তহবিল থেকে দেবে। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
গতকাল রাজধানীর আগারগাঁওস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় মোট ২ হাজার ৭শ’ ৯৩ কোটি টাকার ৪টি প্রকল্প অনুমোদন করা হয়। একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে পরিকল্পনা কমিশনের ভৌত ও অবকাঠামো বিভাগের সদস্য হেদায়েতুল্লা আল মামুন সাংবাদিকদের জানান, অটিস্টিক শিশুদের মূলধারার শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসার জন্য সভায় ‘অটিস্টিক একাডেমি স্থাপন’ নামক প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। ৫৪ কোটি ১০ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে এই একাডেমি নির্মাণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি সম্পন্ন হবে। ২০১৬ সালের ডিসেম্বর নাগাদ এই প্রকল্পটি সম্পন্ন হবে। নার্সেস শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও দক্ষ নার্স তৈরির মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো উন্নততর করার লক্ষ্যে ১২৮ কোটি টাকা ব্যয়ে এডভান্স প্রাকটিস নার্স ইন্সটিটিউট স্থাপন প্রকল্প অনুমোদন করা হয়। কোরীয় উন্নয়ন সহযোগী সংস্থা এই প্রকল্পে ১১২ কোটি ৮৪ লাখ টাকা প্রকল্প সাহায্য হিসেবে দেবে। বাকি ১৫ কোটি ১৬ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা পরিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। ঢাকার মুগদায় এই প্রতিষ্ঠানটি স্থাপিত হবে। ২০১৮ সালের জুন নাগাদ এই প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
দেশে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত কার্যক্রমকে সম্প্রসারণের জন্য স্থায়ী অবকাঠামো হিসেবে ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পটিও অনুমোদন দেয় একনেক। মোট ৯৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে সম্পন্ন হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ একনেকের অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।