মিরপুরে গুলি করে সাড়ে আট লাখ টাকা ছিনতাই
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৩৯
রাজধানীর মিরপুরে এক বিকাশ এজেন্টকে গুলি করে প্রায় সাড়ে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার ঘটেছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ঐ এজেন্টের নাম আবুল কালাম। এ ঘটনায় তিনি ছাড়াও এক পথচারী গুলিবিদ্ধ হন। তার নাম কবির হোসেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকাশের সুপারভাইজার সৈয়দ হাবিবুন্নবী জানান, ক্যান্টমেন্ট থানা এলাকার মাটিকাটা এলাকা থেকে টাকা সংগ্রহ করে মোটর সাইকেলে করে সেনপাড়ায় ব্র্যাক ব্যাংকের বেগম রোকেয়া সরণির শাখায় জমা দিতে যাচ্ছিলেন আবুল কালাম। তিন ব্যক্তি একটি মোটর সাইকেলে করে এসে আল হেলাল হাসপাতালের সামনে আবুল কালামের ওপর গুলি চালায়। আবুল কালামের বাম হাতের আঙুল, ডান হাতের কবজি ও কোমরের ডান পাশে তিনটি গুলি লাগে। সবক’টি গুলিই তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। এসময় কবীর নামে এক পথচারীর ডান চোয়ালে গুলিবিদ্ধ হন।
ঘটনার পর দুর্বত্তরা আবুল কালামের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। পথচারীরা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক দুইটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।