এবার যুবরাজের পাশে শচীন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২২:০০
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যুবরাজ সিংয়ের ব্যাটিং নিয়ে যেখানে পুরো ভারতবর্ষ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে সেখানে বেশ জোড়ালোভাবেই এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে পূর্ণ সমর্থন দিয়েছেন ভারতীয় মাস্টার ব্ল¬াস্টার শচীন টেন্ডুলকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বাজে ফলের পর যুবরাজের পাশে দাঁড়িয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।
ক্রিকেটের প্রতি যুবরাজের অসামান্য অবদানের বিষয়টি স্মরণ করে ভারতের এই কিংবদন্তী বলেছেন, সমর্থকদের কাছ থেকে এই ধরনের আচরণ কখনোই কাম্য নয়। অতীতে বহুবারই যুবরাজ নিজেকে ম্যাচ উইনার হিসাবে প্রমাণ করেছে জানিয়ে টেন্ডুলকার বলেন, যুবরাজ মোটেই ফুরিয়ে যায়নি। এখনো তার মধ্যে যথেষ্ট লড়াকু মানসিকতা আছে। বিশেষ করে আগামী বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার ব্যপারে যুবরাজ দারুণ আশাবাদী।
টাইমস অব ইন্ডিয়াকে পাঠানো এক ই-মেইল বার্তায় টেন্ডুলকার লিখেছেন, ‘গত সন্ধ্যায় যুবির হয়ত একটা বাজে দিন গেছে এবং এজন্য তাকে অবশ্যই সমালোচনা শুনতে হবে। কিন্তু তাই বলে তাকে একেবারে বাদ দেয়াটা মোটেই সমীচীন হবে না। অতীতে দলের প্রতি তার দায়বদ্ধতা এবং একাগ্রতা আমি দেখেছি। এটাকে আমি দারুণ শ্রদ্ধা করি। মাঠ এবং মাঠের বাইরে তার লড়াকু মনোভাব সবসময়ই আমাদের অনুপ্রাণিত করেছে। যুবরাজের মানসিক দৃঢ়তা এবং লড়াই করার মানসিকতা সম্পর্কে আমি জানি। আমি নিশ্চিত সে তার সমালোচকদের অবশ্যই ভুল প্রমাণ করে একদিন ফিরে আসবেই।’
একইসাথে টেন্ডুলকার যুবরাজের জন্য একটি অনুপ্রেরণাদায়ক বার্তায় লিখেছেন, ‘একটি বাজে দিন কখনই তোমার অতীতের সুখস্মৃতিগুলোকে অবহেলা করতে পারে না। তুমি হয়ত আজ বাজে খেলেছো, কিন্তু এর থেকে অনেক বেশি ভাল জায়গায় তুমি যেতে পারো। আমি তোমাকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই ভারত এবং সারা বিশ্বজুড়ে আমার মতই তোমার অসংখ্য ভক্ত রয়েছে যারা তোমার দিকে তাকিয়ে আছে। আমার মতই তাদেরও আশা ২০১৫ সালের বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে তুমি হবে দলের অন্যতম একজন সদস্য।’
২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে যুবরাজের অবদানের কথা স্বীকার করতেও ভুল করেননি টেন্ডুলকার।
রোববার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে টোয়েন্টি২০ বিশ্বকাপের ফাইনালে যুবরাজ গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে নেমে ২১ বলে মাত্র ১১ রান সংগ্রহ করেন। এরপরপরই বিশ্বজুড়ে ভারতীয় সমর্থকরা তাকে নিয়ে সমালোচনার ঝড় তোলে। এমনকি কিছু সমর্থক চণ্ডিগড়ে যুবরাজের বাড়িতেও হামলা চালায়। বাসস