বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন রডরিগুয়েজ

হাঁটুর গুরুতর সমস্যার কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন সাউদাম্পটনের স্ট্রাইকার জে রডরিগুয়েজ। চলতি প্রিমিয়ার লিগে পারফরমেন্সের বিচারে রডরিগুয়েজের বিশ্বকাপের দলে জায়গা পাওয়া সময়ের ব্যাপার ছিল মাত্র। কিন্তু হাঁটুর ইনজুরি ২৪ বছর বয়সী স্ট্রাইকারটিকে আগামী ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে দিলো। এর আগে স্ট্রাইকারটির মতোই অভিন্ন ইনজুরির কারণে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন আর্সেনাল এবং সাবেক সাউদাম্পটন উইঙ্গার থিও ওয়ালকট। রডরিগুয়েজের ব্যাপারে এক বিবৃতিতে তার ক্লাবের পক্ষ থেকে বলা হয়,‘সাউদাম্পটন ফুটবল ক্লাব জে রডরিগুয়েজের ইনজুরির বিষয়টি নিশ্চিত করছে। শনিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-১ গোলে হারা ম্যাচে তিনি এই ইনজুরিতে আক্রান্ত হন। এরপর স্ক্যান রিপোর্টে তার হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরি ধরা পড়ে। এ কারণে আগামী ছয় মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। এর অর্থ হচ্ছে ব্রাজিলের ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড দল থেকে তার বাদ পড়াও নিশ্চিত হয়ে গেল।’ ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে টেবিলের অষ্টম স্থানে থাকা সাউদাম্পটনের হয়ে রডরিগুয়েজ চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪৫ খেলায় ১৭ গোল করেন। সঙ্গত কারণেই ইংলিশ কোচ রয় হজসন যে চারজন স্ট্রাইকারকে বিবেচনা করছিলেন তার মধ্যে ছিলেন রডরিগুয়েজও। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে গত নভেম্বরে নিজেদের মাঠে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচটিই হলো এখন পর্যন্ত তার একমাত্র। -বাসস