সুবর্ণা মুস্তাফাকে আজীবন সম্মাননা

সিজেএফবি আজীবন সম্মাননা দেয়া হলো অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে। সেইসঙ্গে ‘মোস্ট ওয়েলকাম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বছর সেরা নায়ক ও নায়িকার পুরস্কার পেয়েছেন অনন্ত জলিল ও বর্ষা। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘মোস্ট ওয়েলকাম’ এবং ‘চোরাবালি’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রেদোয়ান রনি। দেশের বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) এবং গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মঙ্গলবার প্রদান করা হলো ১৪তম ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম, ইত্তেফাক হোল্ডিংস-এর ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন এবং আল-হাসান ডায়মন্ড গ্যালারির চেয়ারম্যান মো. খবির উদ্দীন। সভাপতিত্ব করেন সিজেএফবির সভাপতি এনাম সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিজেএফবির উপদেষ্টা অনুরূপ আইচ এবং এম এস রানা। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব তামিম হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের অন্যতম কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, অভিনেত্রী সাবেরী আলম, আজমেরী হক বাঁধন, রোমানা প্রমুখ। ইউরো-সিজেএফবি বিশেষ সম্মাননা পেয়েছেন সাংবাদিকতায় গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, মিডিয়া ব্যক্তিত্ব হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং পপ সংগীতে ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে পারফর্মেন্স করেন অনন্ত, বর্ষা, তারিন, হাবিব, বালাম, বেলাল খান, সুহানা দিওয়ান, সালমা, শখ, মেহজাবিন, মৌসুমী হামিদ, আইরিন, পিয়া প্রমুখ।