সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস ও তার স্ত্রীকে দুদকে তলব
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২২:১৫
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার এপিএস শৌমেন্দ চন্দ্র শৈলেন ও তার স্ত্রী শান্ত চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের তলব করে এ সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. আহসান আলী এ নোটিস পাঠিয়েছেন। নোটিসে আগামী ১৫ এপ্রিল দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি একই অভিযোগে শৈলেনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
দুদক সূত্র জানায়, এপিএস শৈলেনের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। শৈলেনের পটুয়াখালীতে পাঁচতলা বাড়িসহ রাজধানীতে একাধিক ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া তার ব্যক্তিগত গাড়িও রয়েছে। তার বিরুদ্ধে ভারতে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ৫০৪টি হজ্ব এজেন্সির কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ রয়েছে শৈলেনের বিরুদ্ধে।