ক্লোসার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা বাম উরুর পেশীতে টান পড়ায় প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। বর্তমানে ইতালির ল্যাজিওর হয়ে খেলা অভিজ্ঞ ফরোয়ার্ডটি এ ইনজুরির পর জার্মানির বিশ্বকাপ স্কোয়াড থেকেও ছিটকে পড়ার আশঙ্কায় পড়লেন। পরীক্ষা-নিরীক্ষার পরে গত মঙ্গলবার ল্যাজিওর পক্ষ থেকে ক্লোসার ইনজুরিটি নিশ্চিত করা হয়। গত রবিবার সাম্পদোরিয়ার বিপক্ষে তার খেলা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু শেষ মুহূর্তে পেশীর এ সমস্যার কারণে তিনি বাদ পড়েন। চলতি মৌসুমে সিরি-আ লিগে তিনি সাত গোল করেছেন। রবিবারের খেলাটিতে তার দল ২-০ গোলে জয়ী হয়। ক্লোসা তিনটি বিশ্বকাপে ১৪ গোল দিয়ে সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় কিংবদন্তী জার্ড মুলারের সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন। ১৫টি গোল করে এখনো এ তালিকার শীর্ষে রয়েছেন ব্রাজিলিয়ান রোনাল্ডো। বাসস