খেলোয়াড়দের গণমাধ্যমে মুখ খুলতে পিসিবির নিষেধাজ্ঞা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২২:২৮
মাঠের বাজে পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও ক্রমাগত বিতর্ক সৃষ্টি করেই চলেছেন পাকিস্তানের খেলোয়াড়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারা দলের অন্যতম সদস্য উমর আকমল স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলা সৃষ্টি করে নতুন করে জড়িয়েছেন বিতর্কে। এই অবস্থায় গণমাধ্যমের সামনে খেলোয়াড়দের মুখ খোলায় নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দ্য নিউজ পত্রিকাকে একটি সূত্র জানিয়েছে, পিসিবি কেন্দ্রীয় চুক্তিবদ্ধ সকল খেলোয়াড়কে গণমাধ্যম থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। পত্রিকাটির বিশ্বস্ত একটি সূত্র জানায়, ‘খেলোয়াড়দেরকে গণমাধ্যম থেকে দূরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে, নতুবা শাস্তির মুখোমুখি হতে হবে।’ অপর একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান দল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে ব্যর্থ হওয়ায় অনেক ক্ষতি হয়ে যাওয়ায় তা পুষিয়ে নেয়ার জন্য বোর্ড এই নিষেধাজ্ঞা জারি করেছে। -বাসস