গুরুতর আহত ‘থর্পেডো’
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২২:২৮
কাঁধে কয়েকবার অস্ত্রোপচারের পর দু’টি মারাত্মক ইনফেকশনের কারণে অস্ট্রেলিয়ান সুইমিং গ্রেট ইয়ান থর্পকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গতকাল এক প্রতিবেদনে বলা হয়েছে। চোটের ভয়াবহতার কারণে এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে অবস্থান করছেন ‘থর্পেডো’ ডাকনামে পরিচিত এই সাতারু।
অস্ট্রেলিয়ান এসোসিয়েটেড প্রেস (এপিপি) পরিবেশিত খবরে বলা হয় রনকো সোপরা এ্যাসকোনার সুইস টাউনে নিজের বাড়ির কাছে একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর অসুস্থ বোধ করেন পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ৩১ বছর বয়সী থর্প। থর্পের ম্যানেজার জেমস এরস্কিন বার্তা সংস্থা এএপিকে বলেন, ‘তার অসুস্থতা মারাত্মক তবে জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়। তবে সব মিলে তিনি বেশ অসুস্থ। থর্পের দু’টি হাত হারাতে হতে পারে বলে প্রকাশিত রিপোর্টকে অস্বীকার করে এরস্কিন বলেন, হতে পারে প্রতিযোগিতামূলক সাতারে থর্প আর অংশ নিতে পারবেন না।
তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক দিক থেকে দেখলে আমার মনে হয় তিনি আর অংশ নিতে পারবেন না।’ অলিম্পিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল সাতারু থর্প ২০০০ সিডনি এবং ২০০৪ এথেন্স গেমসে মোট পাঁচটি স্বর্ণপদক জয় করেছেন। অলিম্পিকের বাইরে কোন প্রতিযোগিতায় ৬টি স্বর্ণপদক পাওয়া বিশ্বের প্রথম খেলোয়াড় থর্প। ২০০১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপে ৬টি স্বর্ণসহ মোট ১১টি পদক জয় করেন তিনি। এ ছাড়া কমনওয়েলথ গেমসেও ১০টি স্বর্ণপদক জয় করেন তিনি। বাসস/ওয়েবসাইট।