ইনজুরিতে হ্যাজার্ড
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২২:২৮
হাঁটুর ইনজুরিতে পড়েছেন চেলসি তারকা খেলোয়াড় ইডেন হ্যাজার্ড। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে প্যারি সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে খেলাটিতে তিনি কাফ ইনজুরিতে পড়েন বলে ধারণা করা হচ্ছে। চেলসি অবশ্য খেলাটিতে ২-০ গোলে জয়লাভ করে। এ ইনজুরির কারণে হ্যাজার্ডকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন কোচ হোসে মরিনহো। চেলসি কোচ এক সংবাদ সম্মেলনে বলেন,‘এটি পেশির সমস্যা। খুব বেশী গুরুতর নয়। তবে এ ধরনের ইনজুরির কারণে কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হয়। এই মুহূর্তে আমার কাছে ইনজুরি সম্পর্কে পরিপূর্ণ কোন ধারণা নেই।’ স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের কোয়ার্টার ফাইনালে মাত্র ১৮ মিনিট খেলতে পেরেছেন হ্যাজার্ড। এরপরই ইনজুরির কবলে পড়েন তিনি।-বাসস