পিসিবির প্রস্তাবে লতিফের ‘না’

সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক রশিদ লতিফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি কোন বিতর্কে জড়াতে চান না। তাই কোন দায়িত্ব নিতেও অনিচ্ছুক বলে আজ ই-মেইলের মাধ্যমে বোর্ডকে জানিয়ে দিয়েছেন লতিফ। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) লতিফ বলেন, ‘আমি চাই না আমার এবং বোর্ডের মধ্যে কোন ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক। তাদের প্রস্তাব নিয়ে আমি অনেক ভেবেছি এবং তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি কোন প্রকার বিতর্কে জড়াতে চাই না।’ প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব নেয়ার বিষয়ে বোর্ডের সঙ্গে লতিফের অসন্তোষ নিয়ে গণমাধ্যমে অনেক লেখালেখি হয়েছে। দল নির্বাচক কমিটিতে লতিফের সুপারিশ গ্রহণ না করায় বোর্ডের সঙ্গে তার মনমালিন্য শুরু হয় এবং শেষ পর্যন্ত তিনি এ পদ গ্রহণ করতে অস্বীকার করেন বলে জানা গেছে। লতিফ বলেন, এ বিষয়ে তিনি আর কোন বিবৃতি দিতে চান না এবং পিসিবি ও এর চেয়ারম্যান নাজাম শেঠির শুভ কামনা করেন। তািন বলেন, ‘শেঠির অধীনে পাকিস্তান ক্রিকেট উন্নতি করুক এটাই আমার প্রত্যাশা।’