নতুন সংগঠন সেভ দ্য স্পোর্টস
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্নীতির অভিযোগ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩১
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও ক্রীড়া সংগঠক জাকারিয়া পিন্টু এবং দেশের খ্যাতনামা বেশ কয়েকজন সংগঠক মিলে তৈরি করেছেন একটি নতুন ক্রীড়া সংগঠন ‘সেভ দ্য স্পোর্টস’। গতকাল নামের সুরেই ক্রীড়াঙ্গনকে বাঁচানোর দাবি নিয়ে এই সংগঠনটি সংবাদ সম্মেলন করেছে জাতীয় প্রেসক্লাবে। পুরো ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করলেও আপাতত তারা সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে দাবি করে সেগুলোর সুরাহা চেয়েছেন।
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও সংগঠনের আহ্বায়ক মো. জাকারিয়া পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সদস্য ও স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা, সদস্য সচিব দিলদার হাসান দিলু এবং উপদেষ্টা খায়রুল কবির খোকন।
সংগঠনের পক্ষে লিখিত বক্তব্যে সদস্য সচিব দিলদার হাসান দিলু বলেন, ‘ক্রীড়াঙ্গনে দুর্নীতি কতোটা ভয়াবহ রূপ ধারণ করেছে যা সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপের দিকে নজর দিলেই বুঝা যায়। ১১৩ কোটি টাকা বরাদ্দ ছিল ঢাকার সৌন্দর্য বর্ধনের জন্য। কিন্তু আমাদের মনে হয় এই খাতে ১৩ কোটি টাকাও খরচ হয়নি। যদি ওই পরিমাণ অর্থ ব্যয় করা হতো তাহলে ঢাকা আজ তিলত্তোমা নগরীতেই পরিণত হতো। বগুড়াতে একটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু থাকার পরও কক্সবাজারে আরেকটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়। এখানেও দুর্নীতি করেছেন বিসিবির কর্মকর্তারা। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নিজ কথা, বিশ্বকাপ উপলক্ষে তিনি ১০০ কোটি টাকা চাঁদা তুলেছেন। কিন্তু এই টাকা তিনি কোথায় ব্যয় করেছেন তা জাতি জানে না। আমাদের দাবী এই অর্থ ব্যয়ের সঠিক চিত্র জাতির সামনে তুলে ধরা হোক।’
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, সৌজন্য টিকিট নিয়েও নানারকম দুর্নীতি হয়েছে, ‘এবারের বিশ্বকাপে টিকিট নিয়ে মহাকেলেঙ্কারি হয়েছে। আমাদের কাছে প্রমাণ রয়েছে, বেশিরভাগ সাংবাদিকই তাদের নামে বরাদ্দকৃত সৌজন্য টিকিট পাননি। সাংবাদিকদের সৌজন্য টিকিট বিসিবির কর্মকর্তারা বাইরে চড়া দামে বিক্রি করেছেন। এমনকি রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে মর্যাদা পাওয়া ব্যক্তি ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদেরকে সাধারণ গ্যালারিতে সৌজন্য টিকিট দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে। যা মোটেই কাম্য নয়।’