তুরাগে হোটেলবয়কে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ২২:০৩
রাজধানীর তুরাগে সাব্বির হোসেন (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে স্থানীয় একটি হোটেলের কর্মচারী ছিলো। বৃহস্পতিবার সকালে তুরাগের রাজা বাড়ি ঈদগাঁও মাঠ সংলগ্ন এলাকা থেকে এই কিশোরের লাশ পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
তুরাগ থানার এসআই আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তুরাগের রাজা বাড়ি গ্রামের স্থানীয় ঈদগাঁও মাঠ সংলগ্ন একটি দেয়ালের পাশে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। ঐ এলাকায় সাব্বির একটি মেসে থাকত। তিন মাস আগে সে স্থানীয় একটি খাবার হোটেলে চাকরি নেয়। পুলিশ ধারণা করছে, বুধবার রাতের কোন এক সময় সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ সেখানে ফেলে রাখা হয়। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, পুলিশ তা জানতে পারেনি। এ ব্যাপারে তুরাগ থানায় মামলা হয়েছে। \