অ্যাটলেটিকোর রাতে বার্সার বিদায়
বায়ার্নকে থামাতে পারলো না ইউনাইটেড
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ২২:১১
ক্লাব ফুটবলে সাম্প্রতিক সময়ে সবচেয়ে সফল দল বার্সেলোনাকে হটিয়ে চ্যাম্পিয়নস লীগের শেষ চারে পৌঁছে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ১-১ গোলে ড্র’র পর গত বুধবার রাতে নিজেদের মাঠে দ্বিতীয় লেগে কোকের একমাত্র গোলে বার্সেলোনাকে হারিয়েছে তারা। ফলে গত ৪০ বছরের মধ্যে প্রথমবার ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে সেমিফাইনাল নিশ্চিত করলো লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি। এদিকে প্রথম দল হিসেবে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে নিজেদের শিরোপা ধরে রাখার দৌড়ে বেশ ভালভাবেই এগিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে ড্র করার পরে গতকাল বেভারিয়ান্সরা ঘরের মাঠ আঁলিয়াজ অ্যারেনায় ইউনাইটেডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমিতে পৌঁছে গেছে।
লা লিগা শিরোপাধারি বার্সেলোনার বিরুদ্ধে এই ম্যাচে ইতিহাস মোটেই পক্ষে ছিল না অ্যাটলেটিকোর। ঘরের মাঠে বার্সেলোনার বিরুদ্ধে তাদের সর্বশেষ জয়টি এসেছিল চার বছর আগে। তবে ইতিহাসের শিকল ভাঙ্গতে স্বাগতিকরা সময় নেয় মাত্রই পাঁচ মিনিট। ম্যাচ শুরুর হতে না হতেই স্পেন অনূর্ধ্ব ২৩ দলের মিডফিল্ডার কোকের দেয়া গোলে স্বাগতিকরা এগিয়ে যায়। এটা ছিল চলতি মৌসুমে কোকের প্রথম গোল। মাত্র ১৭ বছর বয়সে এ্যাথলেটিকোর সিনিয়র দলে অভিষেক হওয়া ২২ বছর বয়সী কোকের জন্য কালকের রাতটা ছিল বিশেষ কিছু। ম্যাচ শেষে আবেগপ্রবণ এই তরুণ বলেছেন, ‘আজকে পুরো দল দুর্দান্ত খেলেছে। এই ক্লাবের কোন সীমানা নেই, আমরা শুধুমাত্র সমর্থকদের স্বপ্ন পূরণের জন্যই মাঠে নামি।’
এরপর ১৫ মিনিটের মধ্যেই ব্যবধান আরো বাড়িয়ে নেয়ার সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু বার্সেলোনার সাবেক স্ট্রাইকার ডেভিড ভিয়ার দুটি শট বারে লেগে ফেরত আসলে স্বাগতিক শিবিরে হতাশা নেমে আসে।
অন্যদিকে, কালকের ম্যাচে অ্যাটলেটিকোর রক্ষণভাগের কাছে কাতালান তারকা লিওনেল মেসি ছিলেন একেবারেই নিষ্ক্রিয়। এই নিয়ে অ্যাটলেটিকোর বিপক্ষে টানা ছয়টি ম্যাচে মেসি গোলবিহীন থাকলেন।
গত মৌসুমের পরে ক্লাবের দেনা প্রায় ১৭০ মিলিয়ন ইউরো ছাড়িয়ে গেলে অনেকটা বাধ্য হয়েই অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকার ফ্যালকাওকে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মোনাকোর কাছে ছেড়ে দিতে বাধ্য হয় অ্যাটলেটিকো। তখন থেকেই মূলত কোচ দিয়েগো সিমেয়োন বেশ চাপের মধ্যে ছিলেন। তবে সেই পরিস্থিতি কাটিয়ে উঠে ক্লাবকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া সিমেয়োন বার্সেলোনার বিপক্ষে জয়টাকে বেশ গুরুত্বপূর্ণ জয় হিসেবেই চিহ্নিত করেছেন। তার মতে, ‘আমরা একই ধরনের নম্রতা বজায় রেখেছি। আমরা জানি যে সেমিফাইনালের অন্য দলগুলো অ্যাথলেটিকো মাদ্রিদের তুলনায় অনেকখানিই এগিয়ে রয়েছে। ৪০ বছর পরে আমরা এই পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছি। আমরা কি করেছি তাতে আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’
এই নিয়ে দ্বিতীয়বারের মত ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্টের সেমিফাইনালে একসাথে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করলো অ্যাটলেটিকো ও রিয়াল। এর আগে ১৯৫৯ সালে একসাথে স্প্যানিশ এই দল দুটি শেষ চারে খেলেছিল। এছাড়া এই নিয়ে তৃতীয়বারের মত একই শহরের দুটি ক্লাব শেষ চারে খেলার কৃতিত্ব দেখালো। ২০০৩ সালে এসি মিলান ও ইন্টার মিলান, ২০০৯ সালে লন্ডনের দুটি ক্লাব আর্সেনাল ও চেলসি একসাথে সেমিফাইনালে খেলেছিল।
চ্যাম্পিয়নস লীগ থেকে ছিটকে পড়ার পরে তা বার্সেলোনার কোচ জেরার্ডো মার্টিনোর উপরে বাড়তি চাপ নিয়েই আসবে। কিন্তু এখনই এসব নিয়ে ভাবতে নারাজ আর্জেন্টাইন এই কোচ। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘অবশ্যই এই পরাজয়ে আমরা স্বস্তি অনুভব করছি না। যদিও আমরা তিনটি শিরোপা জিততে পারলাম না। কিন্তু আমি মনে করি এই পরাজয় অন্য দুটোর উপর কোন প্রভাব ফেলবে না। আমাদের হাতে এখনো লীগের শিরোপার সম্ভাবনা রয়েছে। এছাড়া রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনালেও আমাদের খেলতে হবে।’
এদিকে জার্মানের মাটিতে প্রথমদিকে বায়ার্নের প্রাধান্যই ছিল। তবে প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে ৫৭ মিনিটে ফ্রেঞ্চ ফুলব্যাক প্যাট্রিক ইভরা দূরপাল¬ার শট থেকে এগিয়ে দিয়েছিলেন সফরকারীদের। কিন্তু তাদের এই উত্সব ক্ষণিকের জন্যও স্থায়ী হয়নি। এক মিনিট পরেই হেড থেকে মারিও মানজুকিজ সমতা ফেরান। ৬৮ ও ৭৬ মিনিটে থমাস মুলার এবং আরিয়েন রবেন বাকি দুটি গোল করলে বায়ার্নের সেমিফাইনাল নিশ্চিত হয়।
ম্যাচ শেষে রবেন বলেছেন, ‘দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিট আমাদের জন্য কঠিন হয়ে উঠেছিল। বিশেষ করে তারা এগিয়ে যাবার পরে আমরা কিছুটা বিচলিত হয়ে পড়ি। কিন্তু পর মুহূর্তেই সমতা ফেরানোর পরে আমরা ম্যাচে ফিরে আসি। এখন লিসবনের ফাইনালের আগে আমাদের সামনে আর একটিমাত্র প্রতিপক্ষ।’
ইউনাইটেড ম্যানেজার ডেভিড ময়েসের জন্য এখন নিজের ভবিষ্যত্ টিকিয়ে রাখাটা এখন বেশ সংশয়ের মধ্যে পড়লো। চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট থেকে ছিটকে পড়ার পাশাপাশি রেড ডেভিলরা পরের মৌসুমে এই টুর্নামেন্টে খেলতে পারবে কিনা রয়েছে সেই আশঙ্কাও। কারণ ইংলিশ লিগের মাত্র কয়েক রাউন্ড বাকি থাকতে সপ্তম স্থানে অবস্থান করছে দলটি। লিগ টেবিলের প্রথম চারটি দলই কেবল সরাসরি খেলতে পারে চ্যাম্পিয়ন্স লিগে। আর চতুর্থ দলটিকে খেলতে হয় প্লে অফ।
এর আগে গতকাল ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে পরাজিত করে একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে ইউনাইটেডের প্রিমিয়ার লীগ প্রতিদ্বন্দ্বী চেলসি এ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। অপর ম্যাচে গতবারের ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ডের কাছে পরাজিত হয়েও দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুক্রবার ড্রয়ের মাধ্যমে এবারের আসরের সেমিফাইনাল লাইন-আপ চূড়ান্ত হবে।