আবারো ওয়ার্নের মত বদল

এন্ডি ফ্লাওয়ারের পদত্যাগের পর ইংল্যান্ড কোচের পদে ফ্লাওয়ারের শূন্য স্থানে কে আসছেন সে নিয়ে আলোচনা চলছেই। এরই মধ্যে অনেকেই কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন— আবার ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রস্তাব প্রত্যাখ্যানও করেছেন অনেকেই। অস্ট্রেলিয়ান এই স্পিন কিংবদন্তি আছেন দ্বিতীয় দলে। কিছুদিন আগে হঠাত্ করেই নিজের টুইটারের মাধ্যমে ইংলিশ কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেন ওয়ার্ন। এরপর আবার হঠাত্ কয়েক ঘণ্টা পর জানান, ইংল্যান্ডের কোচ হবার কোন ইচ্ছাই নেই তার; কিন্তু মানুষটা যখন ওয়ার্ন, তখন এত সহজে নাটকীয়তা থেমে যায় কি করে! টেস্টের একসময়ের সর্বোচ্চ উইকেট শিকারী সর্বশেষ আবারো ইংল্যান্ড কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন! তবে এবার সাথে জুড়ে দিয়েছেন একটা শর্তও। সেটা হলো- বন্ধু কেভিন পিটারসেনকে পুনরায় দলে ফিরিয়ে আনতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরও বেশ কিছুদিন ক্লাব ক্রিকেট খেলেছেন ওয়ার্ন। তবে শেষ পর্যন্ত সেখানেও আর খেলবেন না ঘোষণা দিয়েছেন। এখন মূলত টেলিভিশনে ধারাভাষ্য দিয়েই ঘুরে বেড়াচ্ছেন সারা বিশ্ব। অবশ্য ধারাভাষ্যের পাশাপাশি যুক্ত আছেন ক্রিকেট সম্পর্কিত আরো বেশ কিছু কাজেও। তিনি টি-২০ বিশ্বকাপে ধারাভাষ্য দিতে মাত্রই বাংলাদেশ ঘুরে যাওয়া এই লেগি দক্ষিণ আফ্রিকা সফরে সম্প্রতি অস্ট্রেলিয়া দলের স্পিনারদের নিয়ে কাজ করেছেন। এরপর টি-২০ বিশ্বকাপেই ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে দক্ষিণ আফ্রিকা লেগ স্পিনার ইমরান তাহিরকেও কোচিং করিয়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপ উপলক্ষে টুইটারে আইসিসির প্রশ্নোত্তর পর্বে একজনের প্রশ্ন ছিল- ইংল্যান্ডের পরবর্তী কোচ হতে চান কি-না? জবাবে ওয়ার্ন বলেন, ‘আমার দিক থেকে আমি চাই; কিন্তু প্রথমত আমার বন্ধু পিটারসেনকে দলে চাই এবং তারপর ১০ জন সাপোর্টিং স্টাফকে বাদ দিতে হবে। তাহলে আমি রাজি।’ তবে ইংল্যান্ড এন্ড ওয়ালশ ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের দলের কোচ হিসেবে ওয়ার্নকে বিবেচনায় আনছে না। আগামী মাসের মধ্যেই কোচ নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে ইসিবি। -বাসস