আমিরাতে সুপার টি-২০ আয়োজন করবে পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০১৫ সালের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে তাদের প্রস্তাবিত সুপার টি-টোয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে। টেস্ট খেলুড়ে অন্য দেশগুলো যেমন বিদেশি খেলোয়াড়দের নিয়ে টি-টোয়েন্টি লিগ আয়োজন করে, পাকিস্তানও একইভাবে এ টুর্নামেন্ট আয়োজন করতে চায়। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, অন্যান্য দেশের মত তারাও একইভাগে বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করবেন। এটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পিসিবি প্রধান আরো বলেন, ‘বিদেশি খেলোয়াড়রা আসতে রাজি হলে ফাইনাল ম্যাচ আমরা লাহোরে আয়োজন করতে চাই।’ এর আগে ২০১২ সালের শেষ দিকে একই রকম একটি টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ আয়োজনের ঘোষণা দিয়েছিল পিসিবি। শুধু তাই নয়, সেসময় লাহোরে একটি কার্যালয়ও প্রতিষ্ঠা করেছিল সংস্থাটি। টুর্নামেন্টের পরামর্শক হিসেবে হারুন লরগাতকে নিয়োগও দেয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানে খেলার ব্যাপারে নিরাপত্তা নিয়ে শংকা থাকায় বিদেশি খেলোয়াড়দের সংশ্লি¬ষ্ট বোর্ডসমূহ ‘অনাপত্তিপত্র’ দেয়নি। শেষ পর্যন্ত এ টুর্নামেন্ট আয়োজন থেকে সরে আসে পিসিবি।