আইসিসির ধন্যবাদ পেল আয়োজক বাংলাদেশ
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ২২:১৪
আইসিসির বৃহত্তম আয়োজন টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চস্থ হওয়ার ক’দিন আগেও নানারকম সংশয় ছিল এই আয়োজন নিয়ে। ছিল নিরাপত্তা ও ভেন্যু নিয়ে আশঙ্কা। শেষ পর্যন্ত সব আশঙ্কা মিথ্যে করে দিয়ে সফলভাবে বিশ্বকাপ শেষ করায় বাংলাদেশ একটা ধন্যবাদ যে আইসিসির কাছ থেকে পাবে, এটাই স্বাভাবিক।
গতকাল শেষ হওয়া আইসিসির দুবাই সভার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্ট অ্যালান আইসাককে উদ্ধৃত করে সেই ধন্যবাদটা দিয়েছে আইসিসি। একই সঙ্গে তারা অভিনন্দন জানিয়েছে ছেলেদের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও মেয়েদের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।
বাংলাদেশের এই আয়োজনকে আইসিসি সভাপতি ‘অসাধারণ সফল’ বলে অবিহিত করে বলেছেন, ‘বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি—২০১৪ ছিল অসাধারণ সফল এক আয়োজন। খেলোয়াড়, কর্মকর্তা, মিডিয়া থেকে শুরু করে সমর্থকরা দারুণ উপভোগ করেছেন এই টুর্নামেন্ট। স্মরণীয় এই আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির যে দল ওখানে কাজ করেছে, তাদের বিশেষ কৃতিত্ব প্রাপ্য।’
একই সঙ্গে আইসিসি মনে করে এই ইভেন্টটা করতে গিয়ে বাংলাদেশ নিজেও যথেষ্ট লাভবান হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের দিকে দৃষ্টি আকর্ষণ করে আইস্যাক বলেছেন, ‘এই ইভেন্টের ফলে বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রামের অবকাঠামোতে ব্যাপক উন্নয়ন করার সুযোগ পেয়েছে। একইসঙ্গে তারা সিলেটে নতুন একটা ভেন্যুও গড়ে তুলেছে।’
সবশেষে টুর্নামেন্টের ক্রিকেটীয় সাফল্যের কথা বলতে গিয়ে আইসিসি প্রেসিডেন্ট বলেছেন, ‘শ্রীলঙ্কার বিজয়ের ফলে ছেলেদের টুর্নামেন্ট পাঁচ আসরে পাঁচ চ্যাম্পিয়নকে পেলো। এ ছাড়া অ্যাসোসিয়েট দলগুলোর অসাধারণ পারফরম্যান্স এবং পূর্ণাঙ্গ সদস্যদের বিপক্ষে তাদের জয় এটাই প্রমাণ করে যে, আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি হল আইসিসির সবচেয়ে উন্মুক্ত আসর।’