গ্রাফিন
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ১৯:২৮
গ্রাফিন স্বচ্ছ উচ্চ পরিবাহী পদার্থ, যা উচ্চ তাপমাত্রায় পদার্থের বাষ্পের জমাটবদ্ধ অবস্থা থেকে প্রস্তুত করা হয়। এটি ২০০৪ সালে প্রথম আবিষ্কৃত হয়। গ্রাফিন আবিষ্কারের জন্য গত বছর ড. নভোসেলভর এবং ড. গেইম নোবেল পুরস্কার লাভ করেন। তারা পেনসিলে ব্যবহূত পুরোনো চটচটে কাগজ এবং গ্রাফাইট থেকে গ্রাফিন আলাদা করেন। নিজেদের আবিষ্কার সম্পর্কে ড. নভোসেলভর বলেন, ‘আমি ভাবতেও পারিনি যে এত দ্রুত আমরা সক্ষম হব।’ গ্রাফিন থেকে উত্পন্ন সার্কিট সম্পর্কে তিনি বলেন, ‘এই সার্কিট সামনের দিকের একটা পদক্ষেপ মাত্র এবং এটি প্রাথমিক গবেষণা ও বাস্তব ব্যবহারের মধ্যম অবস্থা। তবে আমি অনেক বিস্মিত যে, কেউ কেউ এটিকে অনেক দ্রুত এগিয়ে নিচ্ছে।’ সত্যিই গ্রাফিনের ব্যবহার নিয়ে এখন বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। ২০১০ সালে আইবিএম গ্রাফিনযুক্ত ট্রানজিস্টর তৈরি করেছিল। চলতি মাসে তারা গ্রাফিনযুক্ত ব্রডব্যান্ড ফ্রিক্যুয়েন্সি তৈরির ঘোষণা দিয়েছে, যা তারহীন যন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টের অন্যতম বিজ্ঞানী ড. ইউ. সিং. লিন বলেন, ‘এটি গ্রাফিনযুক্ত সার্কিটের অভিনব আবিষ্কার যা প্রমাণ করবে গ্রাফিনযুক্ত সার্কিট অনেক জটিল কাজ করতে পারে।’ গ্রাফিন এত পাতলা যে এটা মাত্র ২.৩% আলো শোষণ করে। এত পাতলা, এত স্বচ্ছ, অথচ গ্রাফিন ইস্পাতের চেয়েও কমপক্ষে এক শ গুণ শক্ত। গ্রাফিনের ভার সইবার ক্ষমতা ৪২.০ নিউটন/মিটার, অথচ ইস্পাতের ভার সইবার ক্ষমতা মাত্র ০.৪০ নিউটন/মিটার। গ্রাফিনের প্রথম গুণ হলো, এখন পর্যন্ত আবিষ্কৃত সব মৌল ও যৌগের মধ্যে গ্রাফিনই সবচেয়ে ভালো বিদ্যুত্ পরিবাহী। ফলে কম্পিউটারে সিলিকন চিপের বদলে গ্রাফিন ব্যবহার শুরু হলে কম্পিউটারের গতি কমপক্ষে শতগুণ বৃদ্ধি পাবে। ভবিষ্যতে মহাকাশ, কোয়ান্টাম মেকানিক্স, অর্থনীতি ও পরিসংখ্যানের বিভিন্ন গবেষণায় এই উচ্চগতির কম্পিউটার ব্যবহার বিজ্ঞানীদের কাজকে আরও সহজ করে দেবে। গ্রাফিন খুব ভালো তাপ পরিবাহী। ফলে কম্পিউটার সহজেই তাপ ছেড়ে দিতে পারবে, মানে এটার তাপ পরিবাহিতা অনেক বেশি। যতই গরম হোক, তাপ ছেড়ে ঠাণ্ডা হতে সময় কম নেয় তাই কম্পিউটারে সিলিকন চিপ ও অন্যান্য উপাদানের জায়গায় গ্রাফিন ব্যবহূত হলে কম্পিউটার ঠাণ্ডা থাকবে। আবার সবচেয়ে সূক্ষ্ম হওয়ায় মনিটরের রেজ্যুলেশন হবে এখনকার চেয়ে অনেক বেশি। পাশাপাশি ভবিষ্যতের স্পর্শকাতর পর্দা তৈরির প্রধান উপাদান হবে গ্রাফিন। এদিকে জীব বিজ্ঞানীরা প্রমাণ করেছেন গ্রাফিন অণুবীক্ষণযন্ত্রে ব্যবহূত হতে পারে। ফলে দিনে দিনে গ্রাফিনের ব্যবহার অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে।