কঠোর পরিশ্রমের তাগিদ আকরামের
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২১:৪৭
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম আজ বলেছেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানী খেলোয়াড়দের বুট ক্যাম্প করা দরকার। উপমহাদেশের কন্ডিশনের চাইতে একেবারেই ভিন্ন ধরনের কন্ডিশনে শিরোপা জয়ের সম্ভাবনাকে এগিয়ে নিতে পাকিস্তানী খেলোয়াড়দের ঘাম ঝরানো অনুশীলনের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন এই কিংবদন্তী।
বার্তা সংস্থা এএফপি’কে ওয়াসিম বলেন, ‘আগামী অক্টোবর পর্যন্ত (অস্ট্রেলিয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে) পাকিস্তান দলের কোন সূচি নেই। তাদেরকে অবশ্যই পাহাড়ি এলাকায় বুট ক্যাম্প করতে হবে। ঠিক অ্যাশেজ সিরিজের আগে অস্ট্রেলিয়া যেমনটা করে থাকে।’
ওয়ানডে ক্রিকেটের এক সময়ের সর্বোচ্চ উইকেট শিকারি বলেন, দেশটির ক্রিকেট কর্তাদের ফিটনেস ও ফিল্ডিংয়ের উন্নতিতে মনোনিবেশ করা দরকার।
ওয়াসিম আরো বলেন, ‘আমার দিক থেকে ২০১৫ বিশ্বকাপ নিয়ে একমাত্র দুশ্চিন্তা-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাঠগুলো সম্পূর্ণ ভিন্ন রকম। এখানে বিশাল অভিজ্ঞতা ও ভাল প্রস্তুতি দরকার।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ১৯৯২ বিশ্বকাপে ১৮ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরার খেতাব পাওয়া শিরোপা জয়ী পাকিস্তান দলের সদস্য ওয়াসিম বলেন, কিছুটা আগেই অস্ট্রেলিয়া চলে যাওয়াটা পাকিস্তান দলের জন্য ভাল হবে।
অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে ওয়াসিম বলেন, ‘আমার মনে আছে টুর্নামেন্টে শুরু হওয়ার তিন সপ্তাহ আগে আমরা অস্ট্রেলিয়া পৌঁছেছিলাম এবং এটা আমাদের জন্য অনেক সহায়ক হয়েছিল। অস্ট্রেলিয়ার মাঠগুলোতে মানিয়ে নিতে হবে কেননা আপনি এখানে অভ্যস্ত না হলে ইনজুরিতে পড়ার বড় ধরনের আশংকা আছে।’
বড় সাফল্য পেতে ভালো ফিল্ডিংয়ের গুরুত্বের পাশাপাশি ওয়াসিম বলেছেন, এক্ষেত্রে নিজের চেষ্টার কথাও। তার সময়ে দক্ষিণ আফ্রিকা অন্যতম সেরা ফিল্ডিং দল ছিল উল্লে¬খ করে ওয়াসিম বলেন, ‘আমি যখনই দেশের বাইরে যাই তখনই পাকিস্তান দলকে সহায়তা দেয়ার জন্য বিশেষজ্ঞদের অনুরোধ করি এবং সমপ্রতি আমি জন্টি রোডসকে অনুরোধ করেছি তিনি যাতে সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তানী খেলোয়াড়দের ফিল্ডিংয়ের বিষয়ে সাহায্য করেন।’
সমপ্রতি বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় দেশ জুড়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটার অবসান হওয়া উচিত বলেও মন্তব্য করেন ওয়াসিম। পাকিস্তান টি-২০ অধিনায়ক মোহাম্মদ হাফিজের পদত্যাগের কথা উল্লে¬খ করে ওয়াসিম বলেন, ‘সুপার টেন পর্বে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডও হেরেছে । কিন্তু পাকিস্তানের মত সেখানে কোন উত্তেজনা নেই। এটাকে আমরা বড় ধরনের ব্যর্থতা হিসাবে ধরে নিয়েছি এবং অধিনায়ক সরে দাঁড়িয়েছেন।’
কয়েকদিন আগে হাফিজের পদত্যাগ বিষয়ে নিজের অসন্তোষের কথাও জানান টেস্ট ও ওয়ানডেতে দুটি করে হ্যাটট্রিকের মালিক ওয়াসিম।
বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পাকিস্তান ছাড়া অন্য দলগুলো হলো- চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং জিম্বাবুয়ে। অকল্যান্ডে ১৪ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। -বাসস/ এএফপি।