সৈয়দ শামসুল হক ও আলী যাকেরকে স্মারক সম্মাননা
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২১:৫৩
পদাতিক নাট্য গোষ্ঠীর দেয়া সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা পেলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আলী যাকের। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তাদের এ সম্মাননা প্রদান করা হয়।
ভাষা সৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর ৯১ তম জন্মদিন উপলক্ষে পদাতিক চার দিনব্যাপী নাট্যোত্সব ও এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব ও বিশ্ব আই টি আই-এর সভাপতি রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সভাপতি তাসনিন হোসাইন তানু।
পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে প্রতি বছর সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সব ও স্মারক সম্মাননা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় পদাতিক গত ৯ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে চার দিনব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সব ও স্মারক সম্মাননা’আয়োজন করে। এতে দেশের ও দেশের বাইরের ৮টি নাটকের দল অংশগ্রহণ করেছে। পদাতিক নাট্য সংসদ, থিয়েটার বেইলী রোড, মহাকাল নাট্য সম্প্রদায়, সময়, প্রাচ্যনাট, প্রাঙ্গণে মোর, হবিগঞ্জের জীবন সংকেত ও ভারতের অনীক অংশগ্রহণ করেছে। প্রতিদিন বিকাল ৫টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখ প্রান্তে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্মারক সম্মাননা প্রদান শেষে দুটি নাটক মঞ্চস্থ হয়। জাতীয় নাট্যশালার মূল হলে পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করে ‘ম্যাকবেথ’ ও পরীক্ষণ থিয়েটার হলে ভারতের নাট্যদল ‘অনীক’ মঞ্চস্থ করে ‘এডভেঞ্চার কারে কয়’।