তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার পরামর্শ সুরঞ্জিতের

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদোহিতার শামিল। তার এ বক্তব্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রাষ্ট্রদ্রোহ মামলা করার পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত বলেন, সংবিধানে ইতিহাস বিকৃতির সুযোগ নেই। ৭্ই মার্চ দেয়া বঙ্গবন্ধুর ভাষণ সংবিধানের অংশ, স্বাধীনতার ঘোষণাও সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। কেউ এর বিকৃতি করলে সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। এর শাস্তি হবে সর্বোচ্চ। ১৯৭৩ সালে করা ‘ফজলুল হক বনাম রাষ্ট্র’ মামলার কথা উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ওই মামলার রায়ে তত্কালীন প্রধান বিচারপতি এএসএম সায়েমের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা করেছেন, সেটাই আইনসম্মত। সুরঞ্জিত বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যা পড়িয়েছে, তারেক তাই বলছেন। সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিম এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিরিন নাঈম পুনম এমপি, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।