প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আল্টিমেটাম
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২১:৫৫
পদোন্নতি দাবি
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতির দাবি না মানলে কর্মবিরতি, বিভাগীয় সমাবেশ ও মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। শুক্রবার মুক্তিভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে এই ঘোষণা দেয় সংগঠনটি।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য দেখা যাচ্ছে ব্যাপকভাবে। সহকারী শিক্ষকগণ প্রধান শিক্ষকদের থেকে তিন ধাপ কম স্কেল বেতন পান। সহকারী শিক্ষকদের মধ্যে তাই ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে আর্থিক সমতা স্থাপন করে কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার সাথে কাজ করার সুযোগ তৈরি করুন। শিক্ষকদের সামাজিক, অর্থনৈতিক মান উন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। আমাদের দাবি, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে আমাদের বেতন স্কেল নির্ধারণ করুন।
লিখিত বক্তব্য পাঠ করেন শাহিনুর আল আমিন। উপস্থিত ছিলেন নূরে আলম সিদ্দিকী রবিউল, সাজ্জাদুর রহমান, আনিসুর রহমান, আব্দুল ওয়াদুদ, হালিমুজ্জামান, রফিকুল ইসলাম, সালাউদ্দিন প্রমুখ।