মাত্র ৩০ সেকেন্ডেই পূর্ণ চার্জ হবে স্মার্টফোন!

স্মার্টফোন আসার পর থেকেই এর জনপ্রিয়তা যেমন দ্রুত বেড়েছে, তেমনি এর চার্জ নিয়েও মানুষের চিন্তা ততই বেড়েছে। সব স্মার্টফোনেই রয়েছে নানা ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ, আর ইন্টারনেটের ব্যবহার তো রয়েছেই। এর সাথে এইচডি এবং মাল্টিমিডিয়া সব কনটেন্টের কারণে খুব দ্রুতই স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায়। নানা ধরনের ব্যাটারি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে এর আগেও। তবে বাণিজ্যিকভাবে সেগুলো ব্যবহার করা সম্ভব হয়নি নানা সীমাবদ্ধতার কারণেই। তবে এবারে ইসরায়েলের তেল আবিবে নতুন একটি কোম্পানি নতুন একটি ব্যাটারি প্রদর্শন করে চমকিত করেছে প্রযুক্তি বিশ্বকে। স্টোরডট নামক এই স্টার্ট-আপ কোম্পানির ব্যাটারি মাত্র ৩০ সেকেন্ডেই পূর্ণ চার্জ করতে পারে একটি স্মার্টফোনকে। তেল আবিবে অনুষ্ঠিত মাইক্রোসফটের থিংক নেক্সট কনফারেন্সে এই ব্যাটারি প্রদর্শন করেছে স্টোরডট। প্রদর্শনীতে তারা স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪ স্মার্টফোনের একটি ব্যাটারিকে মাত্র ২৬ সেকেন্ডেই চার্জ করে দেখিয়েছে। এই ব্যাটারিও এখনও পর্যন্ত প্রোটোটাইপ পর্যায়েই রয়েছে। আগামী তিন বছরের মধ্যেই তারা একে বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী করে তুলতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে স্টোরডট। প্রোটোটাইপ এই ব্যাটারির আকারও এখন প্রচলিত ব্যাটারির চাইতে বেশ বড়। দেখতে এটি একটি সিগারেটের প্যাকেটের সমান। এই ব্যাটারির বিশেষত্ব হচ্ছে এটি তৈরি করা হয়েছে বায়ো-অর্গানিক উপাদান ব্যবহার করে। আলঝেইমার রোগের চিকিত্সায় এই উপাদানগুলোর প্রথম ব্যবহার করা হয় ১০ বছর আগে। তেল আবিব বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম এই উপাদানের সন্ধান দেয়। পেপটাইড অণু দ্বারা গঠিত এই ন্যানো-ক্রিস্টালের আকার মাত্র ২.১ ন্যানোমিটার। এই ব্যাটারি সম্পর্কে স্টোরডটের প্রতিষ্ঠাতা ড. ডর্ন মায়েরসডর্ফ বলেন, ‘আমরা আশা করছি এই ব্যাটারিকে এক বছরের মধ্যেই স্মার্টফোনের মধ্যে ব্যবহারের আকার দিতে পারব, আর তিন বছরের মধ্যেই এর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করা যাবে। এই ব্যাটারি প্রযুক্তি পণ্যে নতুন এক যুগের সূচনা করবে বলে আমরা বিশ্বাস করি।’ ব্যাটারি ছাড়াও ন্যানো-ক্রিস্টালকে মেমোরি চিপে ব্যবহারের কাজও করছে স্টোরডট, যাতে করে মেমোরি চিপগুলো প্রচলিত ফ্ল্যাশ মেমোরির চাইতে তিনগুণ বেশি গতিতে কাজ করতে সক্ষম হবে।