অ্যাগুয়েরোর ফেরায় উজ্জীবিত সিটি
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২২:০৯
প্রিমিয়ার লিগের ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচে আজ মাঠে নামছে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা দুই দল লিভারপুল-ম্যানচেস্টার সিটি। আর মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরি কাটিয়ে সিটির হয়ে মাঠে ফিরছেন আক্রমণভাগে তাদের সবচেয়ে বড় ভরসা সার্জিও অ্যাগুয়েরো। প্রিমিয়ার লিগে এ মৌসুমে দলের সবচেয়ে সফল খেলোয়াড়টির এই প্রত্যাবর্তন সিটিকে আজ আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে বলে বিশ্বাস সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির। সামপ্রতিক সময়ে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই আর্জেন্টাইন স্ট্রাইকার বেশ কয়েকটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন। তাছাড়া চলতি বছরের শুরুতে সাসপেনশনের কারণেও প্রিমিয়ার লীগের প্রথমদিকে খেলতে পারেননি। ১৭ লীগ ম্যাচে সিটির হয়ে ১৫ গোল করে তিনিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। গত ১২ মার্চ বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লীগে সিটির ২-১ গোলের পরাজয়ের ম্যাচটিই ছিল তার সর্বশেষ। সিটি-লিভারপুল দু’দলের জন্যই মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাগুয়েরোর মাঠে ফেরাটা একদিকে যেমন সময়োচিত তেমনি নির্ভরযোগ্য এই খেলোয়াড়কে কাছে পেয়ে সতীর্থরাও থাকবে বেশ উজ্জীবিত। উজ্জীবিত সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনিও। গতকাল এক সংবাদ সম্মেলনে এই চিলিয়ান বলেছেন, ‘সার্জিও এখন সুস্থ আছে। দলের সাথে স্বাভাবিকভাবেই অনুশীলন করতে পারছে, তাই ধরেই নেয়া যায় তার কোন সমস্যা নেই। তার দলে ফিরে আসাটা খুবই গুরুত্বপূর্ণ।’