পেশাদার লিগের দ্বিতীয় পর্ব মঙ্গলবার শুরু

পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা মঙ্গলবার শুরু হচ্ছে। শেখ রাসেল ও উত্তর বারিধারা ক্লাব প্রথম দিনের ম্যাচে খেলবে। দ্বিতীয় পর্বের খেলা হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ হওয়ার কথা রয়েছে। তবে ক্লাবগুলো এখন ঢাকার বাইরে গিয়ে খেলতে রাজি হচ্ছে না। তারা ঢাকার বাইরের মাঠগুলো নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরছে। নিরাপত্তা, হোটেল ব্যবস্থা নিয়েও আছে আপত্তি। ক্লাবগুলোর আপত্তি নিয়ে কাল জরুরি সভায় বসেছিল বাফুফে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি সভায়। বাফুফে তিনজনের একটি প্রতিনিধি দল করে দিয়েছে। এরা ঢাকার বাইরের স্টেডিয়ামগুলো পরিদর্শন করবেন। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সালাম মুর্শেদী, সহ-সভাপতি বাদল রায় এবং সদস্য শেখ মারুফ হাসান যাবেন, সুবিধা অসুবিধাগুলো খতিয়ে দেখবেন। তাদের রিপোর্টের পর পুনরায় সভায় বসে সিদ্ধান্ত হবে ঢাকার বাইরে খেলা কবে হবে। তার আগ পর্যন্ত ঢাকায় খেলা চলবে বলে বাফুফে সূত্র জানিয়েছে।