স্টেইনকে সতর্কতার সঙ্গে ব্যবহার করবে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছেন, ডেল স্টেইনকে তারা আরো সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন। ক্রিকেট বাইবেল খ্যাত উইজডেনের ‘২০১৩ সালের বর্ষ সেরা ক্রিকেটার’ নির্বাচিত হওয়ার পর এ ফাস্ট বোলার সম্পের্কে এমন কথা বললেন ডোনাল্ড। ডোনাল্ড বলেন, ‘স্টেইনের সুস্থ থাকাটা দলের জন্য গুরুত্বপূর্ণ এবং এ জন্য তাকে যাতে অতিরিক্ত খেলতে না হয় সেটা নিশ্চিত করবো আমরা’। দক্ষিণ আফ্রিকান এ লিজেন্ড বলেন, স্টেইন যে ধারাবাহিকতা প্রদর্শন করেছে তা সবার জন্যই উদাহরণ স্বরূপ। স্টেইন একাই অনেক ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন বলেও উলে¬খ করেন তিনি। ২০০৭ সালে জ্যাক ক্যালিসের পর গত ৪০ বছরে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে উইজডেনের সম্মানজনক এ পুরস্কার জিতলেন স্টেইন। ১৯৭৩ সালে ব্যারি রিচার্ডস দক্ষিণ আফ্রিকার প্রথম খেলোয়াড় হিসাবে এ পুরস্কার পেয়েছিলেন। বাসস