শত্রুর কাছে নতি স্বীকার করবে না ইরান: রুহানি

বোমা হামলা চালিয়ে যদি বহু মানুষকে হতাহত ও বন্দি করা হয় তারপরও শত্রুর কাছে নতি স্বীকার করবে না তেহরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ কথা বলেন।

বৃহস্পতিবার ইরান-ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী একদল সৈনিকের এক সমাবেশে রুহানি আরো বলেন, ইরানি জনগণ যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। 

রুহানি বলেন, ‘১৯৮০’র দশকে তার দেশের ওপর ইরাকের তৎকালীন স্বৈরশাসক সাদ্দাম হোসেনের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় ইরানি ভূখণ্ড হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আজ ইরান একটি অর্থনৈতিক যুদ্ধের মোকাবিলা করছে এবং এদেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধি কেড়ে নেয়ার পাঁয়তারা চলছে।’

তিনি আরো বলেন, নতুন এই যুদ্ধ আগেরটির চেয়ে অনেক বেশি জটিল। তিনি মার্কিন বলদর্পিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন: দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার মোদির, রাহুলের অভিনন্দন, ২৯ মে শপথ

রুহানি বলেন, মার্কিন সরকার ইরানি জনগণকে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার প্রচেষ্টা চালানোর জন্য শাস্তি দিতে চায়। কিন্তু ইরানি জনগণ আরেকবার একথা প্রমাণ করবে যে, তারা মার্কিন ষড়যন্ত্র সফল হতে দেবে না।

ইত্তেফাক/এসআর