ফুটবল ক্লাব কিনেছেন শচিন, সৌরভ ও স্প্যানিশ ক্লাব
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২২:০৪
চলতি বছরের শেষ দিকে শুরু হতে যাওয়া আট দলের ইন্ডিয়ান সকার লিগে দল কেনাদের মধ্যে আছে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ভারতের দুই ক্রিকেট তারকা শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি। রবিবার লিগটির আয়োজকরা এই তথ্য জানান।
এ বছরের সেপ্টেম্বরের মধ্যভাগে শুরু হয়ে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নামের প্রস্তাবিত টুর্নামেন্টটি নভেম্বরের শেষ ভাগে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কলকাতার দলটি কিনেছে যে কনসোর্টিয়াম তাতে মালিকানা আছে লা লিগার শীর্ষ দল অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক গাঙ্গুলী। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, রুপার্ট মারডকের স্টার ইন্ডিয়া এবং স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ আইএমজির অর্থায়নে আয়োজিত হতে যাচ্ছে আইএসএল।
অ্যাটলেটিকো মাদ্রিদের মালিক মিগুয়েল অ্যাঞ্জেল জিল ম্যারিন এক বিবৃতিতে বলেছেন, ‘আইএসএল-এর কোলকাতা ফ্রাঞ্চাইজির মালিকানা জিতে এবং প্রথম কোন আন্তর্জাতিক দল হিসেবে আমাদের ভারতীয় শরীকরাসহ ভারতে একটি ক্লাবের সরাসরি মালিক হতে পেরে আমি শিহরিত। আইএমজি-রিলায়েন্সের মতো আমাদেরও লক্ষ্য দেশটিতে ফুটবলের বিপ্ল¬ব ঘটানো।
কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার যুক্ত হয়েছে কোচি দলের সঙ্গে। রিয়্যাল স্টেট মিডিয়া ও ফিল্ম নির্মাণের সঙ্গে জড়িত পিভিপি ভেঞ্চারের সঙ্গে যৌথ মালিকানায় ওই দলটির মালিকানা কিনেছেন তিনি। গত নভেম্বরে ক্রিকেট থেকে অবসর নেয়া শচিন বলেন, ‘আমি অন্তকরণের দিক থেকে যে কিনা জাতির ক্রীড়াক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে চাই। ইন্ডিয়ান সুপার লিগের মাধ্যমে তরুণ মেধাবীদের জন্য একটি দারুণ মঞ্চ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তারা নিজেদের মেধা বিকশিত করে খ্যাতিমান খেলোয়াড় হিসেবে গড়ে নিতে পারবেন। সেই সঙ্গে নিজেদের অসাধারণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। কোচিং ক্লাবের মাধ্যমে আমরা নিজেদের লক্ষ্য পূরণ করবো এবং দেশব্যাপী ফুটবলের উন্নয়নে স্থির করা লক্ষ্য পূরণে প্রয়াসী হবো।’
লিগটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের মতো কাঠামোতেই মাঠে গড়াতে যাচ্ছে। এটি ভারতের ফুটবল নিয়ামক এআইএফএফ-এর সমর্থনপুষ্ট যাতে চলচ্চিত্র জগতেরও যথেষ্ঠ উপস্থিতি থাকবে।
ইতোমধ্যে বলিউডের শীর্ষ তারকা সালমান খান, রনবির কাপুর এবং জন আব্রাহাম যথাক্রমে পুনে, মুম্বাই ও গৌহাটি ফ্রাঞ্চাইজির অন্যতম মালিক। আইপিএলের হায়দারাবাদ ফ্রাঞ্চাইজির মালিক চেন্নাই ভিত্তিক সান গ্রুপ কিনেছে বাঙ্গালোরের দলটি। ক্যাবল টিভি কোম্পানি ডেন নেটওয়ার্কস জিতেছে দিল্লীর ফ্রাঞ্চাইজি অপরদিকে ভারতের অন্যতম ফুটবল কেন্দ্র গোয়ার দলটির মালিকানা জিতেছে ভিডিওকোন ইন্ড্রাস্ট্রিজ।
ভারতের স্থানীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে যে আইএসএল-এ বেশ কিছু বড় মাপের আন্তর্জাতিক ফুটবলার ও কোচকে দেখা যাবে। তবে সংগঠকরা এখনো সেসব নাম জানাতে চাননি। -বাসস