রিয়ালের বড় জয়
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২২:১০
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই রিয়াল মাদ্রিদ বার্নাব্যুতে অ্যালমেরিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে জিতে স্প্যানিশ লিগ জয়ের আশা জোরদার করলো। গত শনিবার রাতের এ খেলায় অ্যাঞ্জেল ডি মারিয়া, গ্যারেথ বেল, ইসকো ও মোরাতা গোলগুলো করেন।
বিশ্বের সবচাইতে দামি খেলোয়াড় বেল এ নিয়ে স্প্যানিশ লিগে দলটির হয়ে ১৪ বার গোল করলেন। এর মধ্যে সাতটি করেন রোনালদোর অনুপস্থিতিতে। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে তার গোল হলো ১৯টি।
এ নিয়ে চলতি মৌসুমে লিগের ছয়টি খেলায় রোনালদোকে ছাড়াই জয়ী হলো কোচ কার্লো অ্যানচেলোত্তির দল। জয়টি তাদের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পরেই দ্বিতীয় স্থানে তুলে আনলো। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা অবশ্য গ্রানাডার কাছে এক গোলে হেরে মাদ্রিদের দল দুইটির পেছনে পড়ে গেলো।
স্প্যানিশ লিগে এখনো দলগুলোর পাঁচটি করে খেলা বাকি। এর মধ্যে রিয়ালের খেলাগুলো অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে। অপরদিকে লিগের শীর্ষে থাকা এবারের আলোচিত দল অ্যাটলেটিকোর শেষ খেলাটি পড়েছে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে।
এদিকে রোনালদোকে ছাড়া মাঠে নামলেও এই রাতে দুর্বল অ্যালমেরিয়ার বিরুদ্ধে স্বাগতিকদের কখনোই সমস্যায় পড়তে হয়নি। সফরকারী গোলরক্ষক এস্টেবান প্রথমার্ধে রিয়ালের আক্রমণভাগকে হতাশ করলেও শেষ পর্যন্ত স্বাগতিকরা তাদের আক্রমণাত্মক দক্ষতা দেখিয়ে বিরতির পর বড় ব্যবধানের জয়টি তুলে নেয়।
কোচ অ্যানচেলোত্তি এখন বুধবারের কোপা ডেল রের ফাইনালে বার্সেলোনার মোকাবেলায় প্রস্তুত হচ্ছেন। ভ্যালেন্সিয়ার মাঠে অনুষ্ঠিত হবে খেলাটি।