প্রাথমিক সহকারী শিক্ষকদের নতুন কর্মসূচি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২২:৪৭
প্রধান শিক্ষকদের একধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক ফ্রন্ট। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ১৫ এপ্রিল থেকে ৭ মে জনমত যাচাইয়ে দেশব্যাপী গণসংযোগ, ৮ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাধনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ২২ মে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নিকট স্মারকলিপি, ২৩-৩০ মে বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং সবশেষে আগামী ১ জুন ঢাকার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও অবস্থান করে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করবেন তারা।
গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব মো: মোজাম্মেল হক। তিনি বলেন, গত ৯ মার্চ ঘোষিত বেতন স্কেলে প্রধান শিক্ষকদের তুলনায় সহকারী শিক্ষকদের বেতন স্কেল তিন ধাপ নিচে। সহকারী শিক্ষকদের মধ্যে এমন পার্থক্য বিরাট বৈষম্য। এ ধরনের ঘোষণায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই স্কেল সংশোধন করতে হবে। অন্যথায় কঠোর ১ জুন থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।