২৪ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণ দাবি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২২:৪৭
২৪ এপ্রিলের মধ্যে রানা প্লাজা ও তাজরীনের হতাহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। তারা বলেছেন, রানা প্লাজা ধসের এক বছর ও তাজরীন ট্র্যাজেডির ১৭ মাস হতে চলেছে কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকরা তাদের ন্যায্য ক্ষতিপূরণ পায়নি।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রানা প্লাজা-তাজরীনের এতিম, আহত ও ক্ষতিগ্রস্তদের মানববন্ধনে’ বক্তারা এ দাবি জানান। এসময় বক্তব্য রাখেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমীন, ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা নুরুন নাহার, মো. ফারুক খান, মো. কবির হোসেন, জেসমিন আক্তার, নাসিমা আক্তার প্রমুখ। মানববন্ধনে রানা প্লাজা ও তাজরীনের দুই শতাধিক এতিম, আহত-নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।