বিডিজবস ডটকমে বিনিয়োগ করল সিক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ১৯:২৭
দেশিয় জব পোর্টাল বিডিজবস ডটকমে (www.bdjobs.com) বিনিয়োগ করেছে জব পোর্টাল নেটওয়ার্ক সিক (SEEK)। অস্ট্রেলিয়া-ভিত্তিক কোম্পানি সিক বিডিজবস ডটকমের ২৫% শেয়ার অধিগ্রহণ করেছে, যার মূল্যমান ২০ মিলিয়ন ডলার বা প্রায় ১৫০ কোটি টাকা। এ বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে বিডিজবস ডটকম সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর সংবাদ সম্মেলনে বলেন, ‘চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের জন্য বিডিজবস ডটকমের সেবার পরিসর বাড়াতে সিক সাহায্য করবে।’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন সিক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জেসন ল্যাঙ্গা এবং সিক মনোনীত বোর্ড মেম্বার রনি ফিংক। আরও বক্তব্য রাখেন বিডিজবস ডটকমের চেয়ারম্যান আহমেদ ইসলাম মুকসিত ও পরিচালক মাসুমুল হক শিবলী।