আরো একটি জাদুঘর নির্মাণ করা হবে
- প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২১:৪১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ইতিহাস নির্ভর (ন্যাচারাল হিস্টোরিক্যাল মিউজিয়াম) জাদুঘরের পাশাপাশি দেশে আরো একটি অত্যাধুনিক জাদুঘর নির্মাণ করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে জাতীয় জাদুঘরের চার সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুন নাহার খানম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১২-১৩ অর্থ বছরের জাতীয় জাদুঘরের বার্ষিক রিপোর্ট ও অন্যান্য প্রকাশনা হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, সংস্কৃতি বিষয়ক সচিব ড. রনজিত্ কুমার বিশ্বাস, জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন। এর আগে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার কাছে ১৭টি অডিট রিপোর্ট পেশ করেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ-১৪২১ উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সহকারী সচিব সাইফুজ্জামান শিখর এবং ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে এই ফল ও মিষ্টি পৌঁছে দেন।