কোপা ডেল রে’র ফাইনাল আজ

বার্সা রিয়ালের লড়াইয়ে ইনজুরির বাধা

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ স্প্যানিশ মৌসুমের প্রথম শিরোপার লড়াইয়ে আজ বুধবার কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হচ্ছে। ভ্যালেন্সিয়ার মাঠে অনুষ্ঠেয় খেলাটিতে জিতলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বার্সেলোনার এটি হবে তৃতীয় জয়। কিন্তু তার আগে দু’দলের প্রস্তুতিতে বড় রকমের বাধা হয়ে দাঁড়িয়েছে মূল খেলোয়াড়দের কারো কারো ইনজুরি। বিশ্বের বর্ষসেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো আজ রিয়ালের হয়ে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েই আছে বড় সংশয়। পর্তুগীজ স্ট্রাইকার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন। বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দুই সপ্তাহ আগে দলের ৩-০ গোলের জয়টির সময় এই ইনজুরিতে পড়েন তিনি। তারপর থেকে তিনটি খেলায় মাঠের বাইরে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলাটির প্রাক্কালে তাকে খেলানোর ঝুঁকি নেবেন না কোচ কার্লো অ্যানচেলোত্তি। ব্রাজিল ফুল ব্যাক মার্সেলোও একই রকমের ইনজুরির কারণে কোপা ডেল রে’র ফাইনালে নাও খেলতে পারেন। সের্জিও র্যামোস গত শনিবার ঘাড়ের ব্যথার কারণে অ্যালমেরিয়ার বিরুদ্ধে ৪-০ গোলের জয়ে না থাকলেও এই রাতে রিয়ালের হয়ে মাঠে নামতে পারেন। রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত তিনটি শিরোপা জয়ের সন্ধানে আছে। কোচ অ্যানচেলোত্তি বিশ্বাস করেন মৌসুমের প্রথম ট্রফিটি জিততে পারলে তা লা লিগার শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনাকেও জোরদার করবে। অ্যানচেলোত্তি ক্লাবের ওয়েবসাইটে এ ব্যাপারে বলেন,‘অনেকগুলো কারণেই খেলাটি গুরুত্বপূর্ণ। প্রথমত এটি হলো মৌসুমের প্রথম শিরোপা যা আমরা জিততে পারি। দ্বিতীয় কারণটি হলো আমাদের বিপক্ষ হলো বার্সেলোনার মতো অসাধারণ একটি দল। সব মিলিয়েই খেলাটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। কাজেই মৌসুমের প্রথম ট্রফি জয়ের ভাবনা আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে রেখেছে।’ তিনি আরো বলেন,‘মানসিক দিক থেকেও মৌসুমের বাকি সময়ের জন্য খেলাটির অনেক গুরুত্ব আছে। খেলাটির পর জয়ী দল অবশিষ্ট সময়ের জন্য বাড়তি প্রণোদনা, আশা ও আকাঙ্ক্ষার মধ্যে থাকবে। আমি তো মনে করি মনস্তাত্ত্বিক ভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’ বার্সেলোনা এ মৌসুমে অনুষ্ঠিত দু’বারের এল ক্লাসিকোতেই জয়ী হয়। অক্টোবরে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত খেলাটিতে ২-১ গোলে জেতার পর তিন সপ্তাহ আগে রিয়ালের মাঠ বার্নাব্যুতে ৪-৩ গোলের তাক লাগানো জয় পায়। কিন্তু কাতালানদের সাম্প্রতিক সময় কঠিনই যাচ্ছে। ইতোমধ্যেই লা লিগার শিরোপাধারীরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে। এটা ছিল সাত বছরের মধ্যে বার্সেলোনার প্রথমবারের মতো শেষ চারের আগে বাদ পড়ার ঘটনা। তাও আবার একই লিগের দল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে। এ হারটি যেন যথেষ্ট নয়, তাই গেল শনিবার দুর্বল গ্রানাডার কাছেও হেরেছে দলটি যা তাদের শীর্ষে থাকা অ্যাটলেটিকোর চাইতে চার পয়েন্টে পিছিয়ে দেয়। বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো এখন দলের রক্ষণভাগ নির্বাচন নিয়েই দুশ্চিন্তায় আছেন জেরার্ড পিকে, মার্ক বারত্রা ও কার্লোস পুয়োলকে পাচ্ছেন না বলে। সেক্ষেত্রে সের্জিও বাসকোয়েটস কিংবা অ্যালেক্স সং হয়তো আবারো জাভিয়ে ম্যাশেরানোর সাথে একত্রে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পাবেন। কাতালান দলটির অধিনায়ক পুয়োল এ প্রসঙ্গে গত সোমবার বলেন, ‘মার্ক ও জেরার্ডের মতো আমিও ফিট হয়ে উঠতে কঠিন চেষ্টা চালাচ্ছি। জয়ের জন্য আমরা সবকিছু করবো।’ হাটুর ইনজুরির কারণে পুয়োল ক্লাবটির হয়ে তার বিদায়ী মৌসুমে খুব কমই খেলতে পেরেছেন। তবে দলসঙ্গীদের উপর তার এখনো ব্যাপক প্রভাব এবং তিনি জানান দেন সমর্থকদের জন্য সাম্প্রতিক হারগুলোর ক্ষতি পুষিয়ে দিতে তারা অবশ্যই চেষ্টা করবেন। পুয়োল বলেন,‘আমরা ওয়াকিবহাল আছি যে বেশ কিছু ব্যাপারে আমরা ব্যর্থ হয়েছি। তবে আমি বলতে পারি এ ফাইনালে এবং লা লিগায় অবশিষ্ট পাঁচ খেলায় আমরা সর্বসাধ্য লড়বো যা অনেক কিছু বদলে দিতে পারে। বেশ কিছু সময় গেছে যাতে আমরা ধারাবাহিকতা দেখাতে পারিনি। তবে এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। আমাদের সামনে আছে খুবই গুরুত্বপূর্ণ এক ফাইনাল এবং তাতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে আমাদের কিছু করা দরকার।’-এএফপি